বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই আবেগ ও উত্তেজনা

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১২:২৭

বাংলাদেশ বানাম শ্রীলঙ্কার ম্যাচ মানেই যেন দর্শকের মাঝে আবেগ ও উত্তেজনা। সে বিষয়ে কথা বলেছেন অধিনায়ক সাকিব আল হাসান। জানতে চাইলে তিনি বলেন, আবেগ ও উত্তেজনা, তা দর্শকদের জন্য বেশ ভালো।

লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে তিনি বলেন, ‘আসলে এই ম্যাচটি ঘিরে যে আবেগ এবং উত্তেজনা, তা দর্শকদের জন্য বেশ ভালো। প্রকাশ করার জন্যও। তবে সত্যি কথা বলতে কি, ড্রেসিংরুম কিন্তু ঠান্ডা। মাঠের বাইরের কিছু নিয়ে আসলে কেউ ভাবছে না।’

এই দু’দলের ম্যাচ মানেই দর্শকদের শেষ মুহূর্তের টেনশন আর অনাকাঙ্ক্ষিত বির্তক। তবে এর আগে একবার ঢাকায় এসে দাসুন শানাকা বলেছিলেন, ‘সাকিব আর মুস্তাফিজ ছাড়া বাংলাদেশের সেই মানের কোনো বোলার নেই।’ সেবার সেই কথা নিয়ে কম জল ঘোলা হয়নি।

গতকালও সংবাদ সম্মেলনে একই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আসলে আমার সেই কথা নিয়ে অনেক কানাঘুষা হয়েছিল। পরে যা ভাইরাল হয়ে যায়। আমি ব্যাপারটিকে ওভাবে নিইনি। আমাদের দুই দলের ম্যাচ নিয়ে বাইরে যা হয় তা নিয়ন্ত্রণ করাটা আমাদের হাতে নেই। হয়তো আমাদের ম্যাচটি দর্শকরা এভাবেই দেখতে পছন্দ করেন।’

বাংলাদেশের বোলিং যে শক্তিশালী তা স্বীকার করতে দ্বিধা করেননি লঙ্কান অধিনায়ক। তিনি বলেন, ‘আমাদের মধ্যে কোনো দ্বৈরথ নেই। দুই দলের খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক ভালো। তবে বাইরের ব্যাপারটি আমাদের নিয়ন্ত্রণে নেই। বাংলাদেশের বোলিং যে কোনো দলকেই চ্যালেঞ্জ জানাতে পারে।’

এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়েও নিজের মতামত দেন শানাকা। তিনি বলেন, ‘এশিয়া কাপে বাংলাদেশ বেশ ধারাবাহিক। দুর্ভাগ্য, তারা বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ জিততে পারেনি।’

ইত্তেফাক/এসকে