কোটি টাকা মূল্যের চোরাই বিদেশি সিগারেট উদ্ধার

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ২০:০১

খাগড়াছড়ি সদর থানার পূর্ব শাস্তিপুরস্থ সাধন মাস্টারের ভাড়া ঘরে অভিযান চালিয়ে জেলা পুলিশ ১৭ হাজারেরও বেশি প্যাকেট অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করেছে। খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধরের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ আশিকুর রহমান, এসআই উক্যমং রাখাইন, এসআই নিক্সন চৌধুরী এই অভিযান পরিচালনা করেন। 

এ সময় অবৈধ এই কাজে জড়িত থাকার অপরাধে সরন দেব (৪২) ও মো. রাজুকে (২৩) গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ।

মাদক ও চোরাচালানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর। তিনি বলেন, সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং খাগড়াছড়ি জেলার সামাজিক অপরাধ দমনসহ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই ধরনের বিশেষ অভিযান ও পুলিশি আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে ।

ইত্তেফাক/এআই