হিলারি ক্লিনটনকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেছেন, একজন দুইবার চেষ্টা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেননি। যার নির্বাচনে ড. ইউনুস টাকা দিয়েছিলেন। তিনি এখন ড. ইউনুসকে বাঁচানোর সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলছেন। এটা কীসের সংগ্রাম? বাংলাদেশের মানুষের সঙ্গে সংগ্রাম? বাংলাদেশের মানুষ বিচার চায়- এটা কি অন্যায় প্রশ্ন তার। আমাদেরকে এটা অপমান করার শামিল।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে আখাউড়া আজমপুর রেলস্টেশন চত্বরে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নোবেল বিজয়ী ড.ইউনুসের বিচার প্রসঙ্গে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। কেউ অপরাধ করলে তার বিচার হবে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আমরা দেখেছি বঙ্গবন্ধুর খুনিদেরকে ইনডেমনিটি অর্ডিনেন্স দ্বারা বিচার থেকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। সেই জামানা (যুগ) আর নাই। এখন জামানা ভিন্ন। বাংলাদেশে এখন আইনের শাসন আছে।
তিনি আরও বলেন, আমরা সুষ্ঠু বিচার করতে জানি। তিনি (ড.ইউনুস) যদি অন্যায় না করে থাকেন তাহলে তিনি খালাস পাবেন। আর যদি অনুচিত হয়, বিজ্ঞ বিচারক বিচার করবেন। বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন। কোনো উছিলায় বাংলাদেশকে অপমান করবেন, বিচার বিভাগকে অপমান করবেন সেই চেষ্টা বন্ধ করুন।
সভা শেষে সাইবার নিরাপত্তা আইন সম্পর্কে টিআইবির মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, টিআইবি যা বলেছে এর কোনটায় সত্য নয়। সাংবাদিকরা ও জনগণ ডিজিটাল নিরাপত্তা আইনের পাশে সিকিউরিটি আইন রেখে পড়লে তারা বুঝতে পারবে কতটা পরিবর্তন করা হয়েছে। যেখানে তাদের (টিআইবি) আপত্তি ছিল সেগুলো দূর করা হয়েছে।
নির্বাচনে খরচ করার জন্য সরকার সার্বজনীন পেনশন স্কিম করেছে- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মাথায় ঘিলু (বুদ্ধি) থাকলে কেউ এ কথা বলে?
আখাউড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান, উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান ভূঁইয়া স্বপন, উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান নান্নু, উত্তর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আতিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়নসহ আরও অনেকে।
এর আগে আখাউড়া-সিঙ্গারবিল পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের মেরামত কাজ উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক।
