হার দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। এই হারের ফলে কঠিন হয়ে গেলো টাইগারদের সুপার ফোরে খেলা। সুপার ফোরে যেতে রয়েছে নানা রকমের সমীকরণ। এই সমীকরণে প্রথম শর্ত হচ্ছে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হারাতেই হবে।
আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। আগামী ৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে হবে ম্যাচটি।
পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে একা হাতে লড়ে গেছেন নাজমুল হাসান শান্ত। তার ৮৯ রান ইনিংসের পরও বড় রানের সংগ্রহ করতে পারে নাই বাংলাদেশ দল। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২ ওভার ৪ বলে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৫ উইকেট হাতে রেখে ১১ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে লঙ্কানরা।
প্রথম ম্যাচ হারলেও সুপার ফোরে খেলার ব্যাপারে আশাবাদী শান্ত। তিনি বলেন, ‘অবশ্যই সম্ভব (সুপার ফোরে খেলা)। তবে এত দূর চিন্তা না করে আমাদের এখন পরের ম্যাচটা কীভাবে জিততে পারি, সেটা নিয়েই পরিকল্পনা করতে হবে, প্রস্তুতি নিতে হবে। আমরা ওই ম্যাচটা জেতার জন্যই খেলব। ম্যাচটা যদি জিতি, তাহলে কি পরিস্থিতি দাঁড়ায়, সেটা তখনই দেখা যাবে।’
সুপার ফোরে যেতে বাংলাদেশের সমীকরণ
প্রথমত, আফগানিস্তানকে হারাতেই হবে এবং শ্রীলঙ্কার কাছেও আফগানদের হারতে হবে। তাহলে আর কোনো সমীকরণে যেতে হবে না বাংলাদেশকে।
দ্বিতীয়ত, আফগানদের বড় ব্যবধানে হারাতে হবে। গ্রুপের তিন দলই যদি একটি করে ম্যাচ জিতে এবং পয়েন্ট সমান হয়ে গেলে তখন পরের পর্বে যাওয়ার টিকিট হয়ে উঠবে রানরেট।
