অভিষেকে তামিমের বিব্রতকর রেকর্ড!

টাইগারদের ১৬তম, ওপেনার হিসেবে চতুর্থ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৪

দলে নেই দুই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। তাই এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে মোহাম্মদ নাঈম শেখ ও তানজিদ হাসান তামিমকেই বাংলাদেশের হয়ে শুরু করতে দেখা যায়। দুই জনই তরুণ, তবে এই ম্যাচের আগে নাঈমের জাতীয় দলের হয়ে ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল। কিন্তু তামিম যে একেবারেই নতুন। এই টুর্নামেন্টেই প্রথমবারের মতো পেয়েছেন ডাক। সুযোগ পেয়েছেন প্রথম ম্যাচেও, তবে অভিষেক ম্যাচে যেন তাকে হতাশায় পুড়তে হলো। নাম লিখিয়েছেন লজ্জার এক রেকর্ডেও।

গতকাল ক্যান্ডির পাল্লেকেলেতে সহস্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। এই ম্যাচে টাইগারদের হয়ে ১৪৩তম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়েছে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ টাইগার দলের ওপেনার তানজিদ হাসান তামিমের। আর প্রথম ম্যাচেই ফিরতে হয়েছে তাকে খালি হাতে। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে থিকশানার ঘূর্ণি বুঝতেই পারেননি, ফেরেন শূন্য রানে।

এদিকে অভিষেকে শূন্য রানে আউট হওয়া ১৬তম ক্রিকেটার তামিম সঙ্গে তালিকার চতুর্থতম ওপেনার ব্যাটারও। এই ফরম্যাটে সবশেষ অভিষেকে শূন্য রানে আউট হয়েছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। বর্তমানে জাতীয় দলে খেলা শরিফুল ইসলামও আছেন এই তালিকায়। এই তালিকার প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে অভিষেকে শূন্য রানে আউট হয়েছিলেন গাজী আশরাফ, ১৯৮৬ সালে। এছাড়া তার আগে অভিষেকে শূন্য রানে আউট হওয়া তিন ওপেনারের মধ্যে প্রথম ও দ্বিতীয় হচ্ছেন নুরুল আবেদীন, যিনি কিনা মাত্র চারটি ওয়ানডে খেলেছেন, এরপর হারুনুর রশিদ খেলেছেন দুটি। আর তৃতীয় ওপেনারের নাম রফিকুল ইসলাম, ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেকে ডাক মারেন তিনি।

তামিম সবশেষ গেল মাসে ইমার্জিং এশিয়া কাপে টাইগার ‘এ’ দলের হয়ে ওপেনিংয়ে খেলেন তামিম। সেখানে চার ম্যাচে তিন হাফ সেঞ্চুরিতে ১৭৯ রান করেছেন তানজিদ। স্ট্রাইক রেট ১১৬.৯৯। ঐ টুর্নামেন্টে এমন আলো ছড়ানোর পরই তাকে ডাকা হয় এশিয়া কাপের স্কোয়াডে।

এর আগে চলমান এশিয়া কাপের দল ঘোষণার আগে এই টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন টাইগার অভিজ্ঞ ওপেনার তামিম। এছাড়া এই টুর্নামেন্ট শুরুর আগে জ্বরে আক্রান্ত হয়ে স্কোয়াড থেকে ছিটকে গেছেন লিটনও। এতে করে স্কোয়াডে থাকা তরুণ দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও নাঈম শেখের ওপর ভরসা রাখতে হয়েছিল বাংলাদেশ দলের। তবে আস্থার প্রতিদান দিতে পারেননি এ দুই ব্যাটার।

ইত্তেফাক/জেডএইচ