মাদারীপুরে ফের একটি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) শিবচরে উপজেলার বেপারীকান্দি গ্রামের এক কৃষকের ঘর থেকে গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ছয় মাস আগে শিবচরের ভান্ডারীকান্দি ইউনিয়নের বেপারীকান্দি গ্রামের ৫ বছরের শিশুপুত্র সিফাত ও চার বছরের শিশুপুত্র সাব্বির বাড়ির পাশের খেলছিল। খেলতে খেলতে ঝোপের মধ্যে একটি গ্রেনেড সদৃশ বস্তুটি পায়। শিশুরা বস্তুটি অনার্স পড়ুয়া সুমাইয়াকে দেখায়। সুমাইয়া বস্তুটি চিনতে না পেরে নিজেদের ঘরে রেখে দেয়। শুক্রবার শিবচরের গ্রেনেড ধ্বংস সংক্রান্ত একটি সংবাদ দেখে সুমাইয়া গ্রেনেড চিনতে পারে। সঙ্গে সঙ্গে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে শিবচর থানা পুলিশকে বিষয়টি জানায়। পরে রাতে ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সেলিম রেজার নের্তৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে পৌঁছে গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের সুরক্ষিত স্থানে রাখে।
ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, ওসি স্যারের কাছ থেকে খবর পেয়ে ওই বাড়িতে গেলে পরিবারের লোকজন গ্রেনেড সদৃশ বস্তুটি আমাদের কাছে দেয়। আমরা বালতির মধ্যে বালু চাপা দিয়ে গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে হেফাজতে রেখেছি।
এর আগে ৩ জুলাই একই উপজেলার সন্ন্যাসীরচরের একটি বসতঘর থেকে একটি গ্রেনেড উদ্ধারের পর গত ৩১ আগস্ট বোম্ব ডিসপোজাল ইউনিট তা ধ্বংস করে।
