এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট ছাড়া মুখোমুখি হতে দেখা যায় না ভারত-পাকিস্তানকে। এশিয়ার এই দুই প্রতিবেশী দল মুখোমুখি মানেই টান টান উত্তেজনা, এখন সেটা হোক ওয়ানডে, টি-টোয়েন্টি কিংবা টেস্ট ফরম্যাটে। আজ চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। আর হাইভোল্টেজ এ ম্যাচ মাঠে বসে দেখার জন্য আয়োজক দেশ ‘বিশেষ টিকিটের’ ব্যবস্থা করেছে।
এবারের আসরের মূল আয়োজক দেশ পাকিস্তান তবে ভারতের পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে আপত্তি থাকায় পরে সহ-আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কার নাম যুক্ত করেছে তারা। মূলত এখানেই আয়োজন করা হবে এই টুর্নামেন্টের ফাইনালসহ ৯ ম্যাচ। তার মধ্যে ভারত-পাকিস্তানের ম্যাচ অন্যতম। আর এই ম্যাচে দর্শকদের খেলা দেখতে উত্সাহিত করতে সীমিত সময়ের জন্য বিশেষ টিকিটের অফার চালু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই অফারে ভক্তরা চমত্কার আরামদায়ক পরিবেশে বসে খেলা উপভোগ করতে পারবেন।
জানা গেছে, পিসিবির এই টিকিট দিয়ে পাল্লেকেলে স্টেডিয়ামের গ্রিন গ্যালারি অংশে বসে খেলা উপভোগ করা যাবে। প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ১ হাজার ৫০০ শ্রীলঙ্কান রুপি। একই দামে ভারত ও নেপালের মধ্যকার ম্যাচের টিকিটও পাওয়া যাবে। তবে এই টিকিটের মূল আকর্ষণ হচ্ছে অন্যদিকে। আর তা হচ্ছে কেউ যদি একই সঙ্গে ভারত-পাকিস্তান ও ভারত-নেপাল ম্যাচের টিকিট কিনে, সেক্ষেত্রে ৪৪০ শ্রীলঙ্কান রূপি ছাড় দিয়ে মাত্র ২৫৬০ রুপিতে কিনতে পারবে। আর এই টিকিটগুলো পাওয়া যাবে ক্যান্ডির আবেথা গ্রাউন্ড বক্স অফিসে। তবে এগুলো অনলাইনে বিক্রি করা হবে যা সংগ্রহ করতে হলে সরাসরি গিয়ে কিনতে হবে ভক্তদের।
