টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের নেতৃত্বে ঢাকায় আওয়ামী লীগের সঙ্গে ঘোষিত সমাবেশে যোগ দিয়েছেন বিশ সহস্রাধিক নেতাকর্মী। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে তিনি টাঙ্গাইল থেকে নেতা-কর্মী নিয়ে ঢাকায় যান।
শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টায় টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে ট্রেন রিজার্ভ করে দেড় হাজারেরও বেশি নেতা-কর্মী নিয়ে তিনি রওনা দেন। এ ছাড়া টাঙ্গাইল শহর, সদর ও বিভিন্ন উপজেলা থেকে তিন শতাধিক বাসে ২০ হাজারেরও অধিক নেতাকর্মী ঢাকা যান।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনারকে জয়ী করতে আমরা এমপি জোয়াহেরুলের নেতৃত্বে রাজপথে আছি। এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষ্যে রাজধানীর আগারওগাঁওয়ে সুধী সমাবেশে যোগ দেন তারা। সমাবেশে যোগদান করতে টাঙ্গাইলের আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঢাকায় যান।
টাঙ্গাইল ঘারিন্দা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার সোহেল খান বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা ট্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রিজার্ভ করেন। দুই লাখ ২৯ হাজার ৪২৬ টাকার বিনিময়ে তারা ট্রেনটি রিজার্ভ করেন।
এ বিষয়ে এমপি জোয়াহেরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি বলেন, আমি ইতিহাসের সাক্ষী হতে চেয়েছি। তাই সুধী সমাবেশে অংশ নিতে টাঙ্গাইলের ১৩ ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের ২০ হাজারেরও বেশি নেতা-কর্মী নিয়ে সমাবেশ সফল করতে ঢাকায় গিয়েছি। ঢাকার রাস্তায় চলাচলে নতুন গতি এসেছে। বাংলার জনগণ দেখুক, জানুক, বুঝুক শেখ হাসিনার উন্নয়ন। একটি ট্রেনসহ তিন শতাধিক বাস নিয়ে এ সুধী সমাবেশে যোগ দিয়েছিলাম।
