আকাশ সিগ্রেট ফুঁকছে,
প্রকৃতির কী হবে?
মাথার ওপর ঘুরছে
আধমরা পক্ষীকুল। মেঘ মুখ কালো
করে নিজেকে অঝোরে কেঁদে হালকা হতে চাইছে।
পারছে না। মেঘও যেনবা ভাঙা হুইল চেয়ারে বসা
সারসার যানজট।
যন্ত্র ধোঁয়ায় কাঁদছে নীল হরিণ, রাজহাঁস
বহুবর্ণ নাইটিংগেল।
রোজ বিষের সাথে জিভে তুলছি মৃত্যু।
দমবন্ধ বাতাস অস্থির হয়ে
ভিনদেশি তারাদের জগতে পা বাড়ায়।
অরণ্যের বৃক্ষে কুড়ালের কোপ।
ভালোবাসা হারানো এই পৃথিবীতে
নিশ্বাস নেয়ার জন্য ওপর দিকে মুখ তাক করি,
আমার নাকের বাতাস উড়তে উড়তে
বাঁচার আকুতি চাইতে গিয়ে উল্টো
আকাশের সাথে দোস্তি করে
সিগ্রেটে লম্বা টান দেয়।
