ক্রিকেট কিংবা ঝিঁঝিপোকার গল্প

আপডেট : ২৭ জুন ২০১৯, ২০:১০

আমরা আজকে ক্রিকেটের মজার কিছু বিষয় নিয়ে জানব। এবার বিশ্বকাপ ক্রিকেট আসর বসেছে ইংল্যান্ডে। আমরা জানি ইংল্যান্ডের ভাষা ইংরেজি। তাহলে শুরুতেই দেখা উচিত তোমরা কে কেমন ইংরেজি জানো। আচ্ছা তোমরা কি ঝিঁঝিপোকার ইংরেজি জানো? ভাবছ বিশ্বকাপের সময় খেলা দেখা বাদ দিয়ে এই ঝিঁঝিপোকার ইংরেজি জানতে হবে কেন? আবার অনেকেই বলবে, না ঝিঁঝিপোকার ইংরেজি তো জানি না। কিন্তু আমি তোমাদের ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে, তোমরা অবশ্যই ঝিঁঝিপোকার ইংরেজি জানো! শুধু তোমরাই না, বরং যে রিকশা চালায়, যে জুতা সেলাই করে এবং যে কোনোদিন স্কুলেই যায়নি সেও ঝিঁঝিপোকার ইংরেজি জানে! জানি আমার কথা শুনে তোমরা ভীষণ আশ্চর্য হচ্ছ। আশ্চর্য হওয়ার কিছু নেই। মজার ব্যাপার হলো, ক্রিকেট মানেই ঝিঁঝিপোকা। বিশ্বাস না হলে ডিকশনারি খুলে দেখতে পার! তোমরা নিশ্চই জানো, ছোটবেলায় সাকিব আল হাসানের ক্রিকেট ব্যাট অনেকবার কেটে ফেলা হয়েছিল যেন সে ক্রিকেট খেলতে না পারে। সত্যি সত্যিই সে যদি তখন মন খারাপ করে ক্রিকেট খেলা ছেড়ে দিত তাহলে কি আমরা বিশ্বসেরা অলরাউন্ডার পেতাম। এ থেকে আমরা শিখতে পারি, হাল ছেড়ো না বন্ধু। আচ্ছা এবার বলো তো ১ বলে সর্বোচ্চ কত রান হতে পারে? তোমরা নিশ্চয়ই ভাবছ ৭! নো বলে যদি ছক্কা মারে তাহলে তো সাতই হবে। কিন্তু একবার ১ বলে রান হয়েছিল ২৮৬! আজ থেকে ১০০ বছর আগে ইংল্যান্ডে ভিক্টোরিয়া দলের এক ব্যাটসম্যান এমন জোরে বল মেরেছিল যে সেটি বাউন্ডারি পার হতে গিয়ে একটা গাছের ডালে আটকে গেল। ওদিকে দুই ব্যাটসম্যান সমানে রান নিতে থাকল। যেহেতু বল বাউন্ডারি পার হয়নি তাই আম্পায়ারও কিছু বলতে পারল না। যখন গাছের ডাল কেটে বল নিচে নামানো হলো ততক্ষণে দুই ব্যাটসম্যান ২৮৬ বার জায়গা বদল করে ফেলেছে! ভাবা যায়! এবার তালগাছের গল্প বলি। তুমি যদি একটা তালের আঁটি লাগাও এবং সেটা থেকে গাছ হয় তবে তুমি নিশ্চিত থাকো সেই তালগাছের তাল তুমি খেতে পারবে না। কারণ যতদিনে তালগাছে তাল ধরবে ততদিনে তুমি বেঁচেই থাকবে না। ভাবছ ক্রিকেটের সঙ্গে এটার মিল কোথায়? মিল আছে! ক্রিকেট খেলার জন্ম হলো ইংল্যান্ডে অথচ তারা কখনো বিশ্বকাপ জিততে পারেনি। বুঝতে পেরেছ বিষয়টা? তালগাছ লাগিয়ে তুমি যেমন তাল খেতে পারছ না তেমনি ক্রিকেট খেলার জন্ম দিয়ে তারা বিশ্বকাপ জিততে পারেনি। শেষ করার আগে তোমাদের জন্য দারুণ একটি সিনেমার কথা বলতে চাই। সিনেমার নাম ‘চেইন কুলি কি মেইন কুলি’ হাস্যকর নাম তা-ই না? ২০০৭ সালে এই সিনেমাটি মুক্তি পেয়েছিল। ভারত পাকিস্তান ক্রিকেট খেলা নিয়ে অসাধারণ একটি শিশুতোষ সিনেমা। তোমরা দেখতে পারো। যেখানে কারান নামে তেরো বছর বয়সী এক ক্রিকেটার তার ম্যাজিক ব্যাট দিয়ে বলে বলে ছক্কা মেরে তাক লাগিয়ে দেয়। ক্রিকেটের মৌসুমে ক্রিকেট নিয়ে সিনেমা না দেখলে কি আর মন ভরে। হয়তো তোমার মধ্যেও কারানের মতোই ক্রিকেটপ্রতিভা বেরিয়ে আসবে। শুধু বিশ্বাস রাখো আগামীদিনে তুমিই বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন্সি করছ!