দলের প্রয়োজনে যেকোনো পজিশনে ব্যাটিং করতে প্রস্তুত মেহেদী হাসান মিরাজ। সিনিয়র পর্যায়ে ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় লোয়ার মিডল অর্ডারে ব্যাট করেছেন তিনি। তবে দলের প্রয়োজনে ওপেনিং পজিশনে এসেছেন দুইবার নিজের সামর্থ্যের জানান দিয়েছেন। আর গতকাল রোববার (৩ সেপ্টেম্বর) এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসতেই উঠে এলো মিরাজের ব্যাটিং প্রসঙ্গ। এ সময় তিনি বলেন, 'আমি নির্দিষ্ট কোনো বোলারকে নিয়ে চিন্তিত নই। আমি শুধু ভালো খেলতে চাই।'
ওপেনিং খেলা নিয়ে মিরাজ আরও বলেন, 'এটা আমার জন্য দারুণ একটি সুযোগ। পরের ম্যাচেও যদি সুযোগ হয় এবং আমি যদি সেখানে ভালো করতে পারি তাহলে টপ অর্ডারে সব সময় খেলার সুযোগ পাবো। সব সময় হয়তো ওপেনিংয়ে খেলব না। তবে টপ অর্ডারে সুযোগ পাবো। টিম ম্যানেজমেন্ট যদি আমাকে টপ অর্ডারে সুযোগ দেয় তাহলে এটা আমার জন্য ভালো হবে।'
যেকোনো বোলারের জন্যই প্রস্তুত আছেন উল্লেখ করে মিরাজ বলেন, 'আসলে আমি সবসময় যেকোনো বোলারের জন্যই তৈরি থাকি। এটা আমার জন্য নতুন একটা যাত্রা। যদি টিম ম্যানেজমেন্ট আমাকে আবারও সুযোগ দেয় তাহলে মিডলে খেলতে চাই পরবর্তী ম্যাচগুলোতে।'
মিরাজের এমন সেঞ্চুরিতে খুশি দলের অধিনায়ক সাকিব আল হাসান নিজেও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আগেও মিরাজ যখনই টপ-অর্ডারে সুযোগ পেয়েছে, নিজেকে প্রমাণ করেছে। আমরা সবসময়ই জানি ওর সামর্থ্য আছে, আফগানিস্তানের বিপক্ষে ওর ভালো রেকর্ড আছে। আমরা ভাবলাম কেন ওকে চেষ্টা করে দেখবো না ভালো উইকেটে। সৌভাগ্যবশত সেটি কাজে এসেছে।’
