বেশ কয়েক সিরিজ ধরে রানের ফোয়ারা ছোটাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন চলমান এশিয়া কাপেও। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৮৯ রানের দারুণ ইনিংসের পর আফগানিস্তানের বিপক্ষে দেখা পেয়েছেন শতকের। শান্তর এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়েছে ভারতের সাবেক তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক। শান্তকে লম্বা রেসের ঘোড়া বলেছেন সাবেক এই ভারতীয় ব্যাটার।
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে বাংলাদেশে এসেছিলেন দিনেশ কার্তিক। তখনই শান্ত ছিলেন তার সতীর্থ। সেই স্মৃতিই মনে করলেন সাবেক এই ভারতীয় তারকা। তিনি বলেন, ‘শান্তকে আমি অনেক আগে থেকে চিনি। আমি বাংলাদেশে ক্লাব ক্রিকেট খেলতে গিয়েছিলাম। আমরা একই দলের হয়ে খেলেছি। সে অনূর্ধ্ব-১৯ দলে খুবই ভালো ক্রিকেট খেলেছে। সে জানত তার প্রতিভা আছে। বর্তমানে সেই প্রতিভাকে সে পারফরম্যান্সে রূপান্তরিত করেছে। যদিও মাঝে সে অনেকটা সময় পারফর্ম করতে পারেনি।’
শান্তকে লম্বা রেসের ঘোড়া বলেও মন্তব্য করেছেন তিনি আরও বলেন, ‘২০২৩ সালে সে খুবই ভালো ক্রিকেট খেলেছে। তার সবসময় স্কিল ও টেকনিক ছিল। আমি নিশ্চিত করে বলতে পারি সে বাংলাদেশ ক্রিকেটের জন্য লম্বা রেসের ঘোড়া হতে চলেছে। তার পরিসংখ্যানও বলছে যে সে আসলে কি করতে পারে।”
প্রথম ম্যাচে ১২২ বলে ৮৯ রানের দারুণ ইনিংস খেলেন লঙ্কানদের বিপক্ষে। এরপর আফগানিস্তানের বিপক্ষে দেখা পেয়েছেন সেঞ্চুরির। দলের প্রয়োজনে দ্বিতীয় ম্যাচে এসে তিন নম্বর থেকে চারে নেমে ব্যাটিং করেন তিনি। তবে, তিন নম্বরেই শান্তকে দেখতে চান কার্তিক। তিনি বলেন, ‘শেষ ম্যাচেও কঠিন কন্ডিশনে সে খুবই ব্যাটিং করেছে। সে দলের জন্য তিন নম্বর পজিশনে খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। উপমহাদেশের কন্ডিশনে সে এমন ব্যাটসম্যান না যে আগ্রাসী ক্রিকেট খেলে। তবে সে এমন ক্রিকেটার যে দলের বিপদে অ্যাঙ্করিং রোল প্লে করবে পরিস্থিতি অনুযায়ী।’
