রিফাত হত্যার বিচার চাইলেন মুশফিক-রুবেল

আপডেট : ২৭ জুন ২০১৯, ২০:২৫

স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা! যেই ঘটনা নাড়িয়ে দিয়েছে সারা দেশ। সুদূর বিলেতে বিশ্বকাপ খেলতে থাকা টাইগারদের নজর এড়িয়ে যায়নি হত্যাকাণ্ড। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই হত্যাকাণ্ডের বিচার চাইলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও পেসার রুবেল হোসেন।

হ্যাশট্যাগ দিয়ে রিফাত হত্যার দাবিতে ফেসবুকে ‘জাস্টিস ফর রিফাত’ শিরোনামে খোলা পেজে মন্তব্য করেছেন মুশফিক ও রুবেল। মুশফিক ইংরেজিতে লিখেছেন, আমি মুশফিকুর রহিম এবং আমি রিফাত হত্যার ন্যায়বিচার চাই।

একইভাবে রুবেল হোসেনও লিখেছেন, আমি রুবেল হোসেন এবং আমি রিফাত হত্যার ন্যায়বিচার চাই।

আরও পড়ুন : জিম্বাবুয়ে-আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ সেপ্টেম্বরে

উল্লেখ্য, বরগুনা সরকারি কলেজের সামনে অনেক মানুষের উপস্থিতিতে বুধবার সকাল সাড়ে ১০টার সময় শাহ নেয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় রিফাতকে দুই যুবক এলোপাথারি কোপাচ্ছে। তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি খুনিদের নিবৃত্ত করতে প্রাণপণ চেষ্টা করেন। পাশে অনেক মানুষ উপস্থিত থাকলেও কেউ তাদের সহযোগিতায় এগিয়ে আসছে না, বরং তারা দাঁড়িয়ে ঘটনা দেখছেন।  

ইত্তেফাক/কেআই