ঈদে আসছে আসিফের মিউজিক্যাল চলচ্চিত্র

আপডেট : ২৭ জুন ২০১৯, ২০:৩৫

বিনোদন রিপোর্ট

 

কোরবানির ঈদেই বড়পর্দায় মুক্তি পাবে সংগীতশিল্পী আসিফ আকবরের মিউজিক্যাল চলচ্চিত্র ‘গহীনের গান’। এই পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল চলচ্চিত্রটিতে থাকছে মোট ৯টি গান। গানগুলো গেয়েছেন আসিফ আকবর নিজেই। এটি নির্মাণ করছেন লেখক ও নির্মাতা সাদাত হোসাইন।

এই ছবির মূল চরিত্রে দেখা যাবে আসিফ আকবরকে। এতে আরো অভিনয় করেছেন আমান রেজা, তমা মির্জা, তানজিকা আমিন প্রমুখ।

আসিফ আকবর বলেন, ‘মিউজিক্যাল ড্রামাটির পুরো শুটিং শেষ হয়েছে। এখন সম্পাদনার টেবিলে রয়েছে। গহীনের গান রিলিজ হবে এই ঈদেই। প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোল এই মুভিটি হলে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা কোনো ব্লকবাস্টার মুভি না, এটা হবে আনন্দ-বেদনার একটি চিত্র সমীক্ষা মাত্র। যেখানে আপনার জীবন কাহিনিও খুঁজে পাবেন।’

সাদাত হোসেন বলেন, ‘বড় আকারের কাজ হয়েছে। সবার মনের মতো হবে আশা করি।’

‘গহীনের গান’ ছবিটির জন্য তরুণ মুন্সী, রাজিব আহমেদ ও সাদাত হোসাইনের লেখা ৯টি নতুন গান কণ্ঠে তুলেছেন আসিফ। এগুলোর সুর ও সংগীত করেছেন তরুণ মুন্সী ও পল্লব সান্যাল। গানের বক্তব্য ঠিক রেখে গহীনের গানের চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই।