আজ রাত ১০টায় আরটিভিতে প্রচার হবে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘চিটিং মাস্টার’-এর ১০০তম পর্ব। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জিত সরকার। নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ফারহানা মিলি, আ খ ম হাসান, নাদিয়া নদী, আরফান আহমেদ, সাজু খাদেম, এ্যানি খান, ডা. এজাজুল ইসলাম, ফারুক আহম্মেদ, মনিরা আক্তার মিঠু, আব্দুল্লাহ রানা, ওলিউল হক রুমি, শামীমা তুষ্টি, তারেক স্বপন, তেরেসা চৈতি, মিলন ভট্ট, সাদিয়া রুবায়েত, আমিন আজাদ, শফিক খান দিলু, পারভেজ আক্তার, বিনয় ভদ্র, আল আমিন সবুজ ও নাফিজা জাহান।
পুরান ঢাকার সম্ভ্রান্ত পরিবারে একজন মোবারক আলী। তিনি বেশ টাকা পয়সার মালিক। তাঁর উত্তরায় ৬ তলা একটা বাড়ি আছে। পুরো পরিবার নিয়ে তিনি পুরান ঢাকা থেকে উত্তরার বাড়িতে এসে ওঠেন। মোবারকের দুই মেয়ে। সোনিয়া ও জিনিয়া। সোনিয়ার সাথে মোবারকের আঁড়তের ম্যানেজার শাহাজাদার সম্পর্ক হয়। সেই সম্পর্ক জানাজানি হলে মোবারক শাহাজাদাকে ম্যানেজার পদ থেকে বরখাস্ত করেন। এমনকি শাহাজাদাকে জেল পর্যন্ত খাটতে হয়। এ কারণে পরিবারের মাঝে বিরাট অশান্তি। ছোট মেয়ে কষ্ট করে ম্যাট্রিক পাশ করেছে। দু-বার আইএ পরীক্ষা দিয়েছে, কিন্তু ফেল করেছে। এটা কোনো সমস্যা না। সমস্যা অন্যখানে। ঘটনার ভেতরের ঘটনা থাকে। মোবারক আলী আরাফাত মাতব্বরের আঁড়তের ম্যানেজার ছিল। কোনো এক দুর্ঘটনায় আরাফাত মাতব্বর ও তাঁর স্ত্রী মারা যান। বেঁচে থাকে শুধু একমাত্র পুত্র শাহাজাদা।
