আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড। প্রত্যাশিতভাবে দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। তবে ভারত বিশ্বকাপ দিয়েই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই তারকা উইকেটরক্ষক ব্যাটার।
এর আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন ডি কক। এবার ওয়ানডে ছাড়ার ঘোষণা দিলেন। তবে দক্ষিণ আফ্রিকার জার্সিতে শুধু টি-টোয়েন্টি চালিয়ে যাবেন তিনি। তার অবসর প্রসঙ্গে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পরিচালক এনোখ এনকুয়ে বলেন, 'ওয়ানডে ক্রিকেট থেকে তার সরে আসার সিদ্ধান্তটি আমরা বুঝতে পেরেছি এবং বছরের পর বছর তার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই আমরা। ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানাই, তবে এখনো টি-টোয়েন্টি ক্রিকেটে তাকে প্রোটিয়াদের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখতে মুখিয়ে আছি আমরা।'
তিনি আরও বলেন, 'ডি কক সত্যিই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের একজন ভালো ক্রিকেটার। আক্রমণাত্মক ব্যাটিং শৈলী দিয়ে সে নিজের মানদণ্ড স্থাপন করেছে এবং বছরের পর বছর দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিল। সে অধিনায়কত্বের আর্মব্যান্ডও পরেছে এবং এটা এমন এক সম্মান যা খুব কম লোকই পায়।'
২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ডি ককের। এখনো পর্যন্ত ১৪০ ওয়ানডে খেলে ৪৪.৮৫ গড়ে ৫ হাজার ৯৬৬ রান করেছেন তিনি। এছাড়া গ্লাভস হাতে ডিসমিসাল করেছেন ১৯৭টি।
