কঙ্গোতে চীনা খনির বহরে হামলা, নিহত দুই চীনা নাগরিক

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৩

সম্প্রতি উত্তর-পূর্ব গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) সোনা পরিবহনকারী এক চীনা খনির বহরে হামলায় দুই চীনা নাগরিকসহ চারজন নিহত হয়েছে। 

ফিজি অঞ্চলের প্রশাসক স্যামি বাদিবাঙ্গা কালনজি জানান, কিমবো নদীর কাছে সশস্ত্র ডাকাতির ঘটনায় একজন ডিআরসি সদস্য, চালক এবং দুইজন চীনা নাগরিক নিহত হয়। 

এই হামলায় একজন কঙ্গোর সৈন্য ও একজন কর্মীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানান তিনি। আহতদের জন্য স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 

কালনজি জানান, আততায়ীরা বহর থেকে দক্ষিণ কিভু প্রদেশের সোনা খনির বিপুল পরিমাণ সোনা চুরি করেছে।

জানা যায়, এ অঞ্চলে প্রায় তিন দশক ধরেই এরকম সোনা চুরির ঘটনা ঘটে যাচ্ছে। পূর্ব ডিআরসি তে ১২০ টিরও বেশি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে এ ধরনের ঘটনা প্রায়শই ঘটে চলেছে।

২০২২ সালে এমনি এক ঘটনায় চীনা খনি কোম্পানির একজন কঙ্গো কর্মচারী নিহত হন। 

অন্যদিকে কঙ্গো সরকার ২০২১ সালে অবৈধভাবে কাজ করার দায়ে দক্ষিণ কিভুর ছয়টি চীনা খনির কোম্পানির কাজ স্থগিত করে দেয়।

২০০৮ সালে চীনের সাথে খনির ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেও তা কঙ্গোর কোনো উপকারেই আসেনি। এবার এ চুক্তিকে নিজেদের কাজে লাগানোর কথা ভাবছেন কঙ্গো সরকার।

ইত্তেফাক/এএইচপি