সরাসরি আইসিসির টেবিলে টাইগারদের প্রাথমিক দল

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৩

আগামী ৫ অক্টোবর ভারতে পর্দা উঠতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। গতকাল শেষ দিন ছিল এই টুর্নামেন্টের জন্য অংশগ্রহণকারী দলগুলোর প্রাথমিক ১৫ সদস্যের স্কোয়াডের নামের তালিকা। একে একে সবাই গণমাধ্যমে তাদের প্রাথমিক স্কোয়াড প্রকাশ করলেও ভিন্ন পথে হেঁটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

নিজেদের প্রাথমিক স্কোয়াড প্রকাশ্যে না এনেই সরাসরি বিশ্বকাপের আয়োজক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) পাঠানো হয়েছে। যা হয়তো আনুষ্ঠানিকভাবেই প্রকাশ্যে আসবে ২৫ অথবা ২৭ সেপ্টেম্বর।

জানা গেছে, আইসিসিতে পাঠানো টাইগারদের বিশ্বকাপের প্রাথমিক ১৫ সদস্যের সঙ্গে বেশ কয়েক জনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। তবে কারা রয়েছেন সেই তালিকায় সে বিষয়ে কিছুই এখনো প্রকাশ্যে আসেনি। মূলত টাইগারদের দলে একের পর এক খেলোয়াড় ইনজুরির কবলে পরার কারণেই এমন গোপনীয়ভাবে স্কোয়াড দেওয়া। তবে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পরই খেলোয়াড়দের কন্ডিশন দেখে মূল স্কোয়াড ঘোষণা করবে বিসিবি।

ইত্তেফাক/জেডএইচ