হুরমইবুনিয়া খালের আয়রন ব্রিজ ভেঙে পড়েছে

আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:২৮

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

মীর্জাগঞ্জের আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের হুরমইবুনিয়া খালের উপর নির্মিত এলজিইডির আয়রন ব্রিজটি ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সংস্কারের অভাবে আয়রন ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে ময়দা দাখিল মাদ্রাসা, দক্ষিণ ঝাটিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া, দক্ষিণ ঝাটিবুনিয়া ও উত্তর ঝাটিবুনিয়া গ্রামের শত শত লোক চলাচল করছেন।

সরেজমিনে দেখা গেছে, এলাকাবাসী স্লিপারের উপর সুপারি গাছ বেঁধে ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এতে বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। এছাড়া এ অবস্থায় বিপাকে পড়ছেন অটোবাইক, মোটরসাইকেল, টেম্পু, রিক্সা, ভ্যানসহ অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাহনের চালকরা। কারণ এ ব্রিজটি দ্রুত সংস্কার না হলে তাদের রুটিরুজির পথ বন্ধ হওয়ার আশংকা দেখা দিয়েছে।

মীর্জাগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. সুলতান আহমেদ জানান, ব্রিজটি ভেঙে যাওয়ার কথা শুনেছি। শিঘ্রই যাতে ওই স্থানে নতুন ব্রিজ নির্মাণ করা হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট অধিদপ্তরকে অবহিত করা হবে।