আত্রাইয়ে রেলক্রসিংয়ের খুঁটি বিদ্যুতের তার ছুঁইছুঁই

আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:২৮

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা

আত্রাইয়ে রেলক্রসিংয়ের গেট বেরিয়ারটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। গেটবেরিয়ারটি যখন উঠানো হয় তখন ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে ছুঁইছুঁই হয়ে যায়। যে কোনো সময় ওই তারের সঙ্গে স্পর্শ হলে বিদ্যুতায়িত হয়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

জানা যায়, আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরমের উত্তর পাশে একটি ও আত্রাই রেলব্রিজের দক্ষিণ বাইপাস সড়কের রেলক্রসিংয়ে একটি গেটবেরিয়ার নির্মাণ করা হয়। আত্রাই রেলব্রিজের দক্ষিণ বাইপাস সড়কের রেলক্রসিংয়ের গেটবেরিয়ারের উপর দিয়ে রয়েছে রেলের ৪৪০ বোল্টেজের বিদ্যুতের তার। পরিকল্পনা বিহীন এ গেটবেরিয়ারটি এমনভাবে নির্মাণ করা হয়। যা উত্তোলনের সময় বিদ্যুতের তার ছুঁইছুঁই হয়ে যায়। যদিও বা দুর্ঘটনা এড়াতে গেটবেরিয়ারের মাথায় মোটর গাড়ির টায়ার দিয়ে জড়িয়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে নওগাঁ পল্লী বিদ্যুত্ সমিতি আত্রাই জোনের এজিএম ফিরোজ জামান বলেন, বিষয়টি আমরা লক্ষ্যই করিনি। এটি এত বিপজ্জনক হয়ে রয়েছে। আমি রেলওয়ে স্টেশন মাস্টারের সাথে কথা বলে বেরিয়ারটি ছোট করার ব্যবস্থা করব। আত্রাই রেলওয়ে স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম বলেন, এটির দায়দায়িত্ব আমার নয়। এটি নির্মাণ করেছে রেলের প্রকৌশল বিভাগ। তারপরও জনস্বার্থে বিষয়টি তাদের সঙ্গে আলোচনা করে এ গেটবেরিয়ার বিপদমুক্ত করার ব্যবস্থা নেব।