লালমনিরহাটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ শিশু আহত

আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:৩০

আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা

লালমনিরহাটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় মনিরা খাতুন (৮) নামে এক শিশু আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত মনিরাকে বুধবার রাতে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে। মনিরা উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি মদনপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। সে স্থানীয় মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

হাসপাতাল ও রেলওয়ে সূত্রে জানা গেছে, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সোহাগপুর থেকে দাদু সোলায়মান আলীর সঙ্গে ট্রেনে করে বাড়ি ফিরছিল মনিরা। পথে লালমনিরহাট-বুড়িমারী রেলের হাতীবান্ধা এলাকায় কে বা কারা ট্রেনে পাথর নিক্ষেপ করে। সেই পাথরের আঘাতে জানালার পাশে বসা মনিরা রক্তাক্ত আহত হয়। ট্রেনেই তাকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। পরে আদিতমারী স্টেশনে নেমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মনিরাকে নেওয়া হলে চিকিত্সকরা চিকিত্সাপত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।

মনিরার দাদু সোলায়মান আলী জানান, হাতীবান্ধা এলাকায় এলে কে বা কারা ট্রেনে পাথর ছুড়ে মারেন। এ সময় তার নাতনি মনিরা জখম হয়। বাম কানের পাশে আঘাত পায় মনিরা। হাসপাতালে চিকিত্সাপত্র নিয়ে বাড়ি ফিরেছে বলেও জানান তিনি।

লালমনিরহাট রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদম আলী বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে একটি শিশু আহত হয়েছে বলে খবর পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেন এ কর্মকর্তা।