ঝিনাইদহে দুই পক্ষের ধাওয়া পালটা ধাওয়া বাড়িঘর ভাঙচুর

আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:৩০

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে বৃহস্পতিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের ধাওয়া পালটা ধাওয়া হয়। এসময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট ও বাড়িঘর।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, দীর্ঘদিন ধরে পদ্মাকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাস ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ নিজামুল গনি লিটুর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত কয়েকদিন যাবত্ হাটগোপালপুর বাজারে আধিপত্য বিস্তার ও বাস কাউন্টার দখল করা নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই জেরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পালটা ধাওয়া শুরু করে। এসময় বাজারের ব্যবসায়ী ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ নিজামুল গনি লিটুর রাইচ মিল, জুয়েল রানার স্টিল ফার্নিচার, জব্বারের ফার্নিচার ও ক্রোকারিজের দোকান, খলিলের দোকান, গোলাম বারী ও শহিদুলসহ বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্ট গানের ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।