গাংনীতে ডায়াগনস্টিক ক্লিনিককে জরিমানা

আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:৩০

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

গাংনীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সাথে প্রতারণা ও দালালী করার অপরাধে গাংনী হাসপাতালের সামনে রবিউল ইসলাম ডায়াগনস্টিক ক্লিনিককে জরিমানা করা হয়েছে। ওই ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে হাসপাতালে সেবা নিতে আসা অসহায় রোগীদের সাথে দালালী করার অপরাধে রবিউল ইসলাম ক্লিনিকের এক নারীকে আটক করেন। এ সময় মোবাইল কোর্টে তার স্বীকারোক্তি অনুযায়ী ক্লিনিকের স্বত্বাধিকারী ও ম্যানেজার তরিকুল ইসলামের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে নারীকে ছেড়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল বলেন, এরপর কোনো ক্লিনিক বা কেউ দালালী করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।