বরগুনায় শিশু হত্যার দায়ে নারীর মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:৩০

বরগুনা (উত্তর) প্রতিনিধি

বরগুনায় শিশু হত্যার দায়ে মরিয়ম নামের এক নারীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বরগুনার জেলা ও দায়রা জজ মো. এমইউ ইসমাইল হোসেন এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে প্রকাশ, ২০১৬ সালের ২৩ এপ্রিল বরগুনার পাথরঘাটা উপজেলার পশ্চিম ঘুটাবাছা গ্রামের কাওসার মিয়ার শিশু পুত্র হাসান (৬) মরিয়মের বাড়ির পাশে খেলতে যায়। মরিয়ম হত্যার উদ্দেশ্যে নিজের ঘরের মধ্যে নিয়ে খাবার পানিতে কীটনাশক মিশিয়ে হাসানকে খাওয়ালে সে অসুস্থ হয়ে পড়ে। পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রাত ১০টার দিকে হাসান চিকিত্সাধীন অবস্থায় মারা যায়।

এ দিকে অভিযুক্ত মরিয়ম ঘটনা অন্যখাতে প্রবাহিত করার জন্য হাসান টেস্টি হজমি টেবলেট খেয়ে মারা গেছে বলে প্রচার করে। কিন্তু গ্রেফতার হওয়ার পর আদালতে মরিয়ম ১৬৪ ধারায় জবানবন্দিতে স্বীকার করে তার স্বামীর সাথে হাসানের মায়ের অবৈধ সম্পর্ক রয়েছে। এর প্রতিশোধ নিতে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

হাসানের বাবা কাওসার বাদি হয়ে পাথরঘাটা থানায় মামলা করলে তদন্ত শেষে পুলিশ মরিয়মের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।