ডোমারে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৮

মাদক মামলায় আদালত থেকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি মাদক ব্যবসায়ী হুমায়ুনকে গ্রেপ্তার করেছে নীলফামারীর ডোমার থানা পুলিশ। হুমায়ুন উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনাপাড়ার রফিকুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) লুলু মিয়া ফোর্সসহ চান্দিনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দণ্ডিত হুমায়ুনকে গ্রেপ্তার করে। 
থানা সূত্র জানায়, গত ২০১৭ সালে হিরোইনসহ হুমায়ুনকে গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছিল থানা পুলিশ। উল্লিখিত মামলায় জামিনে মুক্ত হয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিল হুমায়ুন। সেই মামলায় আদালত হুমায়ুনকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী সাজাপ্রাপ্ত হুমায়ুনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এইচএ