শেখ হাসিনা সরকার আছে বলে জনগণের উন্নয়ন করতে পারছি: নিক্সন চৌধুরী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৬

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে জনগণের উন্নয়ন করতে পারছি। তিনি বলেন, দেশ স্বাধীন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশ গড়ছেন তার সুযোগ্য কন্যা জননেত্রী ও দেশরত্ন শেখ হাসিনা। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও প্রতিবন্ধী, অসহায় শিক্ষার্থীদের আর্থিক অনুদান বিতরণকালে এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছেন। তারা দেশের সম্পদ লুটপাট করে খেয়েছেন। বিদেশি সাহায্য নিয়ে দেশ চালাতো। আজ শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশে উন্নয়ন করছেন। আজ বিদেশি কোনো সাহায্যে দেশ চলে না। দেশ চলে জনগণের সম্পদ দিয়ে। তাই আগামীতে শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করলে উন্নত দেশ রূপান্তিত হবে। 

ছবি: ইত্তেফাক

তিনি আরও বলেন, আগামীতে দেশের সাধারণ নির্বাচনে বসন্তের কোকিলরা ভোট চাইতে আসবে। আপনাদের ভোট বুঝে বিবেচনা করে দিবেন। আমি আপনাদের পাশে আছি, থাকবো। আগামীতে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করলে অবহেলিত কৃষ্ণপুরকে ডিজিটাল ইউনিয়নে উন্নত করব। 

কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাশের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক মো. বিলায়েত হোসেনের সঞ্চলনায় সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদ রাসেল। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আলী খাঁন। 

এছাড়া বক্তব্য দেন ধর্মীয় শিক্ষক মৌলানা আব্দুল মান্নান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ নিক্সন সমর্থিত হাজার হাজার মানুষ।

ইত্তেফাক/পিও