আসামের উদলগিরিতে গতকাল শনিবার ট্রেনে বিস্ফোরণে জখম হয়েছেন ১৪ জন। আহতের সংখ্যা বাড়তে পারে। ডিআইজি অনুরাগ আগরওয়ালার নেতৃত্বে পুলিশবাহিনী ঘটনাস্থলে গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, আইইডি থেকে বিস্ফোরণ ঘটানো হতে পারে। গ্রেনেড বিস্ফোরণও হতে পারে। ঘটনায় হাত রয়েছে জঙ্গি সংগঠনের। যদিও কোনো জঙ্গি সংগঠন এখন পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি।
জানা গেছে, গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ কামাখ্যাডেকারগাঁও ইন্টারসিটি ট্রেনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ট্রেনটি সেই সময় গুয়াহাটি থেকে ৯৫ কিলোমিটার দূরে হরিসিঙ্গা স্টেশনে দাঁড়িয়ে ছিল। ট্রেনের ৪ নম্বর বগিতে বিস্ফোরণ হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার পরই আশপাশের বিভিন্ন স্টেশনে নিরাপত্তা জোরদার হয়েছে। চলছে চিরুনি তল্লাশি। ঘটনার জেরে এই পথে ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে বোরোল্যান্ড এলাকায়। একদা পৃথক রাজ্যের দাবিতে উত্তাল ছিল এলাকাটি।
