স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বড়কোল গ্রামের পেতাগাড়ি বাজারে বুধবার সন্ধ্যায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুইজন মারা গেছে। পেশায় দুইজনই ইলেকট্রিক মিস্ত্রি। নিহতরা হলেন : মোস্তফাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আমিনুর রহমান ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে ইয়াছিন আলী। দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, উপজেলার বড়কোল গ্রামের আব্দুল কাদেরের ছেলে এনামুলের বাসায় বৈদ্যুতিক মিটার স্থানান্তর করতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। বগুড়া পল্লী বিদ্যুত্ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ারুল ইসলাম জানান, নিহত দুইজন পল্লী বিদ্যুতের কর্মী না। তারা কী কাজ করতে গিয়ে মারা গেছেন সে বিষয়ে তার জানা নেই।
