ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা জানান, গত ২৪ ঘণ্টায় উপজেলায় বজ্রপাত ও বিদ্যুত্স্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলা হাজিবুনিয়া গ্রামে কালিপদ ঢালী বিলে গরু চরানোকালে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। তিনি দ্রুত গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান। তার ছেলে সৌমিত্র ঢালী বলেন, বাবার সঙ্গে থাকা তিনটি গরুও ঝলসে আহত হয়েছে। অপরদিকে বুধবার সন্ধ্যায় মাগুরখারী ইউনিয়নের ঘুরুনিয়া গ্রামের সুনিল মন্ডলের ছেলে ভ্যানচালক রনজিত্ মন্ডল বাড়ির পাশে দোকানের সামনে ক্যারাম খেলতে যায়। বোর্ড খেলার জায়গায় অন্ধকার থাকায় বিদ্যুত্ লাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। উভয় ঘটনায় ডুমুরিয়া থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
