বড়াইগ্রামে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:৩৪

বাবা-মা আটক

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রামে বুধবার এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোহাম্মদ হাসান (১২)। এদিকে নিহতের বাবা আব্দুল হালিম ও মা রিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল হালিম প্রথম স্ত্রীর সঙ্গে অন্যত্র থাকায় দ্বিতীয় স্ত্রী রিনা বেগম একমাত্র সন্তান হাসানকে নিয়ে মৃধা কচুয়ার বাড়িতে বসবাস করে আসছিলেন। মঙ্গলবার রাতে হাসান ও তার মা টিনশেড শোবার ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে রিনা বেগমের চিত্কারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় সিঁধ কেটে ঘরে ঢুকে মুখঢাকা ৪-৫ জন লোক হাসানকে নিয়ে গেছে বলে জানান রিনা। পরে সবাই খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির অদূরে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডটি বেশ রহস্যজনক।