সাতক্ষীরায় মালামালসহ আটক চার

আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:৩৫

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার ভোমরা, কুশখালী, কাকডাঙ্গা ও তলুইগাছা সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, গরু ও চা পাতা।

বিজিবি এ সময় চার বাংলাদেশিকে আটক করতে সক্ষম হয়। আটক বাংলাদেশিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার গাংনিয়া গ্রামের আহাদ আলী, একই উপজেলার নিশান চন্দ্র দাস, হাদিউজ্জামান হাদি ও তার স্ত্রী সুমি আক্তার।

বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা, কুশখালী, কাকডাঙ্গা ও তলুইগাছা সীমান্তের স্ব-স্ব বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে চার বাংলাদেশিসহ মালামালগুলো জব্দ করে। জব্দকৃত এসব মালামালের মূল্য তিন লাখ ৫৬ হাজার ৭০০ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।