পাক-ভারত ম্যাচে রিজার্ভ ডে, ক্ষোভ প্রকাশ করলেন বাংলাদেশের অ্যানালিস্ট 

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩২

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে রাখা হয়েছে রিজার্ভ ডে। তবে সেটি শুধু ভারত-পাকিস্তান ম্যাচের জন্য। টুর্নামেন্টের মাঝপথে এমনই এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। 

এসিসির বক্তব্য, ১০ সেপ্টেম্বর পাকিস্তান-ভারত ম্যাচে বৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক কারণে ব্যাহত হলে পরের দিন তথা ১১ সেপ্টেম্বর খেলা হবে। তবে একই মাঠে আরও দুই দল বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ থাকলেও শুধু ভারত-পাকিস্তান নিয়ে এসিসির এমন পক্ষপাতমূলক আচরণে প্রায় সবাই অসন্তুষ্ট। এমন হঠকারী সিদ্ধান্ত নিয়ে খোদ বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও অসন্তোষ জানিয়েছেন। ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের ভারতীয় কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখরও। 

গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে টাইগারদের অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, ‘তার চেয়ে ভালো হয় তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজ করে চ্যাম্পিয়ন ঠিক করে ফেলা। ছয় দলের টুর্নামেন্ট কেন করতে হবে যদি সমতাই না থাকে।’ এর সঙ্গে তিনটি হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন, আর সেগুলো এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েই কথা বলছেন তিনি। 

তবে এর আগে বাংলাদেশ দলের হেড কোচ বলেছিলেন, ‘আমি নিশ্চিত প্রতিটি দেশ থেকে প্রতিনিধি নিয়ে তৈরি করা একটি টেকনিক্যাল কমিটি আছে। ছয়টি দেশেরই লোক আছে ওখানে। তারা নিশ্চয়ই কোনো কারণে সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, এটা আদর্শ কিছু নয়। আমরাও একটা অতিরিক্ত দিন পেলে খুশি হতাম। এর বাইরে আমার খুব বেশি কিছু বলার নেই, কারণ তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।’

ইত্তেফাক/জেডএইচ