দুই বছর চুটিয়ে প্রেমের পর সাত পাকে বাঁধা পড়েন বলিউডের অন্যতম তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২১ সালে রাজস্থানে রূপকথার মতো তাদের বিয়ে হয়। তবে বিয়ের দু’বছর পার হলেও এখনও সন্তান আসেনি তাদের ঘরে। সম্প্রতি এই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো ভিকিকে।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাতকারে সন্তানের জন্য ক্যাটরিনার পরিবার থেকে চাপ সৃষ্টি করা হয় কিনা এমন প্রশ্নের জবাবে ভিকি কৌশল জানান, তার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো, কোনও কিছু নিয়েই বাড়তি চাপ দেন না। ভিকি বলেন, ‘না, ভাই আমার পরিবারে কেউই আমাদের সুখবর শোনানোর জন্য চাপ দিচ্ছেন না। সকলেই এ বিষয়ে কুল।’
এরপর ভিকিকে প্রশ্ন করা হয় ক্যাটরিনার সঙ্গে ডেটিং-এর খবর বাড়িতে কাকে সবথেকে প্রথম বলেছিলেন ? অভিনেতা উত্তরে জানান ‘বাবা-মা। ওদের আমি একই সঙ্গে কথাটা জানিয়েছিলাম’। তারা বিশ্বাস করেছিলেন কি? এমন প্রশ্ন ভিকি কৌশল জানান, ‘হ্যাঁ, করেছিলেন বলেই তো মনে হয়’।
এছাড়া একই সাক্ষাৎকারে ভিকি আরো জানান, ‘ক্যাটরিনা তাকে অ্যাটেনশন’ দিচ্ছেন একথা নাকি তার প্রথমে বিশ্বাসই হয়নি। তার প্রতি ক্যাটরিনার ভালোবাসার কথা জেনে ভিকির নাকি প্রতিক্রিয়া ছিল, ‘তুমি ঠিক আছো তো?’ তবে ভিকি জানিয়েছেন, তিনি ক্যাটরিনার সঙ্গে ধীরে ধীরে মিশে বুঝতে পারেন যে অভিনেত্রী মনের দিক থেকে কতটা ‘খাঁটি’। আর তখনই ভিকিরও উপলব্ধি হয়েছিল, যে তিনিও ক্যাটরিনাকেই জীবনসঙ্গী হিসাবে চান। ভিকির কথায়, ‘ক্যাটরিনার স্টারডম’ কখনও তাদের সম্পর্কের বাধা হয়ে ওঠেনি। তিনি ব্যক্তি ক্যাটরিনার প্রেমে পড়েছিলেন।
ক্যাট ও ভিকির বয়সের ফারাক বছর পাঁচেকের। তবে বলিউডে পেশাদার অভিনেতা হিসাবে ভিকির থেকে অনেকটাই বেশি অভিজ্ঞ ক্যাটরিনা। শুধু তাই-ই নয়, বলিউডের সুপারস্টারদের তালিকাতেও প্রথম দিকে নাম থাকে ক্যাটের।
‘কফি উইথ করণ’-এ এসে প্রথমবার ক্যাটরিনার মুখে শোনা গিয়েছিল ভিকির নাম। পরে করণ সে কথা ভিকিকে বলতে প্রথমে তিনি সেটা বিশ্বাসই করেননি। পরে অবশ্য ভিকিই মেসেজ করে ক্যাটরিনাকে ডিনার ডেটে ডাকেন। তাদের সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে।
