আপনি কতটা এগোলেন

আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:৩৯

দেশ এগিয়ে যাচ্ছে। আপনি কতটা এগোলেন? এ ব্যাপারে টেলিফোন ও ই-মেইল পাওয়া পাঠকদের অভিমত প্রকাশিত হলো আজ

 

শিল্প কলকারখানা, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, গ্যাস-বিদ্যুত্ প্রভৃতি খাতে শহর এবং গ্রামে অনেক উন্নয়ন হয়েছে। আগে অধিকাংশ মানুষ ছন ও টিনের ঘরে বাস করত। এখন অধিকাংশ মানুষ পাকা এবং আধাপাকা বাড়িতে বাস করে। তবে জনসংখ্যার তুলনায় কর্মসংস্থানে ঘাটতি রয়েছে অনেক। এছাড়া সুশাসন ও ন্যায় বিচারের ঘাটতি রয়েছে। উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে দেশে উত্পাদিত কৃষিজ পণ্যের মান উন্নয়ন ও রপ্তানিতে আমরা অনেক পিছিয়ে আছি। যার কারণে কৃষকের ভাগ্য উন্নয়নের সুফল আসেনি।

মোহাম্মদ ইসলাম

পাইয়ের খোলা, চট্টগ্রাম।

 

একটা দেশ আগায় শুধু তার অর্জনের শক্তিতে নয়, কোথায় তার অপূর্ণতা সে কথা অনুধাবনের ভেতর দিয়েও। ব্যক্তির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য! সুশাসন অর্জনে আমাদের মন্থর অগ্রগতি একটি খামতি। যে দেশ যত সচেতনভাবে এ লড়াইয়ে অংশ নেয়, রাষ্ট্রব্যবস্থার অন্তর্গত বৈপরীত্য তত দ্রুত সে কাটিয়ে ওঠে। এ লড়াইয়ে বাংলাদেশ জিতে চলেছে। এবার তাকে মনোযোগ দিতে হবে অন্য লড়াইয়ে জেতার। তেমনি ব্যক্তি হিসেবে আমি মনে করি, বাংলাদেশের জয় মানে আমারও ব্যক্তিগত জয়। আর এভাবেই এগিয়ে যেতে চাই আমি।

মোছা. বিলকিছ আক্তার

সরকারি ম্যাটস, টাঙ্গাইল

কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, ‘যে ভালোবাসে বা স্বপ্ন দেখে সে কেন’র জবাব দিতে পারে না’। কিন্তু আমি কেন স্বপ্ন দেখি, তার জবাব অনেকটাই জানি! আমি সব সময় মনে করি, ‘মানুষ তার স্বপ্নের সমান বড়।’ স্বপ্ন আছে বলেই পৃথিবীটাকে এত সুন্দর মনে হয়। আমি আমার স্বপ্নের সমান বড় এখনও হতে পারিনি আর হবও কি না জানি না। তারপরও কখনওই আশা ছাড়িনি আর আমার দৃঢ় বিশ্বাস আমার স্বপ্নের সুনির্দিষ্ট পথে আমি পৌঁছাবই। তাই এখনও ভোরবেলায় বাড়ির আঙ্গিনায় এদিক-সেদিক তাকিয়ে ভাবি, বিশ্বভরা প্রাণের মাঝে আমিও স্বপ্ন দেখি, কঠিন তবু সম্ভব! শুধু শুধু ফুরিয়ে যাওয়া নয়; আমি স্বপ্ন দেখি, আমার স্বপ্নকেও একদিন ছাড়িয়ে যেতে।

মেনহাজুল ইসলাম তারেক

মুন্সিপাড়া, পার্বতীপুর, দিনাজপুর

 দেশ এগিয়ে যাচ্ছ, আমি কতটা আগালাম? আল্লাহ যে অবস্থায় রেখেছেন তাতে আলহামদুলিল্লাহ। আমি শুধু আমার নিজের কথা বলব না, বর্তমানে সরকারি চাকরিজীবীরাই সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন। তাদের এত বেতন যে সবাই এখন  সেই চাকরির দিকেই বেশি ঝুঁকছে। সেটা ঘুষের বিনিময় হলেও। কৃষকের অবস্থার দিকে তাকালে বোঝা যায় দেশ কেমন আগাচ্ছে। ধানের আশানুরূপ দাম পাচ্ছে না। যা পায় তাতে সামান্য লাভ থাকে। শুধু ব্যবসায়ীদের ওপর ট্যাক্স বাড়ানো হচ্ছে, আমার ট্রেড লাইসেন্স ফি ৩০০ টাকা থেকে ৮৫০ টাকা করা হয়েছে। অপরদিকে বেসরকারি চাকরিজীবীদের অবস্থা ভাল নয়। আমি শুধু এটাই বলতে চাই যে, সকলকে নিয়ে এগিয়ে যেতে হবে, সমাজে ক্লাস থাকবেই, সবাই এক ক্লাসে থাকবে না। কিন্তু বৈষম্য কমিয়ে আনতে হবে।

মো.  ইমরান আলী বাবু

সাবেক ছাত্র

সমাজ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

দেশ এগিয়ে যাচ্ছে। এগোচ্ছে কিছুসংখ্যক মানুষ। অথচ আমি এগোতে পারছি না। অর্থনৈতিক চাপ আমাকে সারাক্ষণ তাড়া করে বেড়াচ্ছে। ভালো কিছু খেতে পারছি না। চিত্তবিনোদনের জন্য সেটাও আমার নেই। ২ সন্তান ও স্ত্রীকে নিয়ে আমি খুবই বিপদে আছি। এর থেকে কোনোভাবেই পরিত্রাণ পাচ্ছি না। ভবিষ্যতে পাবো কি না তাও জানি না।

ডা. মোহাম্মদ জামিল রহমান

গোপালপুর, টাঙ্গাইল

দেশ এগিয়ে যাচ্ছে এ কথা নিঃসন্দেহে বলা যায়; কিন্তু আমি বা আমরা কতটুকু এগিয়ে যেতে পেরেছি এটা অবশ্যই হিসাব-কিতাব এবং বিশ্লষণের বিষয়। যেমন : একজন কৃষককে যদি জিজ্ঞেস করা হয় তিনি কতটুকু এগিয়ে গেছেন? তাহলে বোধ হয় তিনি তাত্ক্ষণিক উত্তর দিতে বিলম্ব করবেন। অনুরূপভাবে এক জন ছাত্র বা শিক্ষককে শিক্ষার মান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনিও একইভাবে প্রশ্নের উত্তর দিতে বিলম্ব করবেন। একইভাবে আমাদের নৈতিকতা বা মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম বোধ হয় দেশের উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারে নাই।

মাখরাজ খান

সাটুরিয়া, মানিকগঞ্জ

দেশ এগিয়ে যাচ্ছে— এ কথা ঠিক; কিন্তু ব্যক্তি জীবনে মানুষ কতটা এগিয়ে যেতে পারছে— সেটাই এখন বিবেচ্য বিষয়। একজন সাধারণ মানুষ তার পারিবারিক জীবনে অর্থনৈতিক ভাবে কি সুখী হতে পেরেছে? না পারেনি। অভাব দৈন্যতা ইত্যাদি তাকে নানাভাবে বিষফোড়ার মতো ধরে রেখেছে। সাধারণ মানুষ এখন নানাভাবে দুর্বিষহ জীবন অতিবাহিত করছে। সুতরাং এ থেকে পরিত্রাণ যখন হবে তখন বলা যাবে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষ ভালো আছে।

শিশির

পিলখানা, ঢাকা

দেশ এগিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল রবার্ট মিলার বলেছেন, গত ৫ বছরে বাংলাদেশের ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে। যা দৃশ্যমান। আমরাও অস্বীকার করছি না; কিন্তু একজন মানুষ ব্যক্তি জীবনে সে কতটুকু উন্নয়ন করতে পেরেছেন? বা কতটুকু সে সুখী জীবন যাপন করছেন এ বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। সুতরাং দেশ এগিয়ে যাচ্ছে ঠিকই তার সঙ্গে সঙ্গে নিম্ন-মধ্যবিত্ত জীবনের উন্নয়ন অত্যন্ত জরুরি।

সুগন্ধী আক্তার

যাত্রাবাড়ী, ঢাকা

দেশের প্রায় ৫০ থেকে ৬০ হাজার তরুণ মুক্ত পেশাজীবী অর্থাত্ ফ্রিল্যান্স হিসেবে সক্রিয়।  আগামী দিনে এই তরুণরাই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবেন। সুতরাং আমরা বলবো অবশ্যই দেশ এগিয়ে যাচ্ছে। তবে এর পাশাপাশি কাজের পরিধির বিষয়গুলোকে নিয়ে অবশ্যই ভাবতে হবে। আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখার বিষয় আরো ভাবতে হবে।

মো. খায়রুল ইসলাম (ফুল)

আরাপপুর, ঝিনাইদহ

আমাদের দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ কর্মক্ষম। তাদের স্থায়ী কোনো কাজ নেই। ফলে বেকার তরুণরা জীবনের বড় ঝুঁকি নিয়ে দেশ থেকে বিদায় নিচ্ছে। আমরা বলছি: দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এগিয়ে যাওয়া মানে এটা নয়। দেশ এগিয়ে যাওয়া অর্থ হচ্ছে সব বিষয়ে স্বয়ংসম্পূর্ণতা। আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে অন্যান্য বিষয়ের উন্নয়নই হচ্ছে দেশের উন্নয়ন।

মারুফ

বাসাবো, ঢাকা

দেশ এগিয়ে যাচ্ছে। আমি ব্যক্তি জীবনে তেমন কিছুই এগোতে পারি নাই। যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি। ছা-পোষা মানুষ। কোনো রকম জীবন কাটছে স্ত্রী-কন্যা নিয়ে। নুন আনতে পানতা ফুরায়— এমন অবস্থা। তবুও আল্লাহর কাছে অশেষ মেহেরবানী যে, কোনো ঝুট-ঝামেলাতে নেই। কোনো রকম দাঙ্গা ফ্যাসাদেও নেই। তবে অর্থনৈতিকভাবে আরো একটু শক্ত হওয়া দরকার।

সোহাগ

ভাগলপুর লেন, নবাবগঞ্জ, ঢাকা

আমি যেমন এগিয়ে যেতে পারিনি। দেশ এগিয়ে যাচ্ছে ঠিকই। নানা উন্নয়নের মধ্যদিয়ে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। উন্নয়ন চলছে নানাভাবে দেশে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে আমার ভাগ্যের উন্নয়ন সহসা হচ্ছে না। তবে আমার প্রত্যাশা দেশের প্রতিটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে উন্নয়ন হোক।

জুয়েল

মালিবাগ, ঢাকা

দেশ দিন দিন এগিয়েই চলেছে। সত্যি আমাদেরও ভালো লাগছে। দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের নিজেদেরও কিছু না কিছু উন্নতি হয়নি, সে কথা অস্বীকার করা যাবে না। দেশের অগ্রগতি ও উন্নয়নের সঙ্গে জনগণেরও উন্নয়ন নিহিত। কাজেই দেশের এ অগ্রগতি ধারাকে অব্যাহত রাখতে হলে আমাদের সকলকেই দেশের স্বার্থে একযোগে সঠিক পরিকল্পনা গ্রহণ করে দেশকে আরো আলো থেকে আলোকিত করার লক্ষ্যে কঠোর বাস্তবমুখী কর্মপ্রচেষ্টা চালিয়ে যেতে হবে বলে আমি মনেপ্রাণে বিশ্বাস করি। তা না হলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না।

আলহাজ মো. হাফিজুল ইসলাম চৌধুরী (হিফজু)

টিনাইর চৌধুরী বাড়ী,

বি. বাড়িয়া সদর, বি. বাড়িয়া

দেশ এগিয়ে যাচ্ছে। এ কথা মিথ্যা নয়। দেশের অর্থনীতি, রপ্তানি আয় প্রবৃদ্ধি ভালো, রেমিটেন্সেও এখন ঊর্ধ্বগতি রয়েছে। উন্নয়ন চলছে বিভিন্ন প্রজেক্টের। তবে এই কর্মপ্রচেষ্টা চালিয়ে যেতে হবে। কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না। আমাদের সরকারের মূলমন্ত্র- উন্নয়নের গণতন্ত্র, এটাই সত্য। বাংলাদেশ এগিয়ে যাক আরো— এই প্রত্যাশা আমাদের।

আজাদ/মন্জু

উত্তরা, ঢাকা।

আমরা এদেশের মানুষ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, মহাকাশে স্যাটেলাইট উেক্ষপণসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলছি। এখন দেশের ভেতরে আর নেই জঙ্গি, উগ্রবাদী, সন্ত্রাসী তাণ্ডব। মাদকদ্রব্য নির্মূলের কাজ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। আমাদের প্রাণপ্রিয় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠন করার পর এ দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে দেশের বর্তমান প্রজন্ম এগিয়ে যাচ্ছে। সকল বাধা বিপত্তি পেরিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

ফারুক আহমেদ

বাঘমারা, রাজশাহী

আমাদের স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ। নানাদিক থেকে উন্নতির সোপানে গড়ে উঠছে। যোগাযোগ ব্যবস্থা, পদ্মা সেতু, মেট্রোরেল নির্মাণ দৃশ্যমান। এছাড়া ফ্লাইওভার, শিক্ষাসহ বিভিন্ন বিভাগে উন্নয়নের দিকে দেশ আজ এগিয়ে চলছে। এ সব উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদেরও উন্নয়নের অগ্রগতি হবে— এমনটাই প্রত্যাশা।

সুলতানা জামান

মানিক নগর, ঢাকা।

স্বাধীনতার পর আমাদের অনেক কিছু পাল্টে গেছে। কৃষি, শিল্প, কলকারখানা, শিক্ষা, স্বাস্থ্য,. খাদ্য ব্যবস্থাপনা এমনি অনেক কিছুতেই দেশ এগিয়ে গেছে। কর্মসংস্থানও বেড়েছে। যদিও কর্মসংস্থানের বিষয়ে এখনো পিছিয়ে রাখছে। বিচার বিভাগের কাজ  আরো ত্বরান্বিত করতে হবে।

বজলুল

নারায়ণগঞ্জ, পিলখানা, ঢাকা

নানাভাবে নানা দিক দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। কৃষিশিল্প, কারখানা, গার্মেন্টস শিল্প, স্বাস্থ্য, খাদ্যদ্রব্যসহ বিভিন্ন দিকে দেশ আজ উন্নয়নের দিকে। এর সঙ্গে এখন যোগ হয়েছে ক্রিকেট খেলাও। আমাদের প্রত্যাশা এই বিশাল উন্নয়নকে ধরে রাখার ব্যবস্থা রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

আনতারা আনিকা লাবণ্য

ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ

আজিমপুর , ঢাকা।