নারায়ণগঞ্জে হেযবুত তওহীদের আলোচনা সভা

'দেশের মানচিত্রে শকুনের থাবা রুখতে ঐক্যবদ্ধ হতে হবে'

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৪

দেশের মানচিত্রে শকুনের থাবা পড়েছে। চলমান রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে সুযোগ নিচ্ছে শকুনিরা। এদের রুখে দিতে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান জানিয়েছেন হেযবুত তওহীদের নেতা এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সোসাইটির চেয়ারম্যান এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মব্যবসা ও অপরাজনীতির বিরুদ্ধে আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে এ আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, চলমান রাজনৈতিক সংঘাতের সুযোগ নিয়ে সাম্রাজ্যবাদী পরাশক্তিধর রাষ্ট্রগুলো যারা সাম্রাজ্য বিস্তারের নেশায় মত্ত, তারা বাংলাদেশের মানচিত্র খাবলে খাওয়ার জন্য শকুনের মত থাবা বিস্তারের প্রচেষ্টা চালাচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে জাতিকে রক্ষা করার জন্য তিনি দল-মত নির্বিশেষে সবাইকে একটি মহান আদর্শের ভিত্তিতে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

হেযবুত তওহীদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মো. আরিফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান। অনুষ্ঠান উদ্বোধন করেন সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মো. মহসিন।

বক্তব্য দেন সংগঠনটির তথ্য ও গণমাধ্যম সম্পাদক এস এম সামসুল হুদা, হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, সিলেট বিভাগীয় সভাপতি মো. আলী হোসেন, নারায়ণগঞ্জ মহানগর তাঁতীলীগের অহ্বায়ক চৌধুরী এইচএম ফারুক সাহেদ, সিদ্ধিরগঞ্জ ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. মহসীন ভূইয়া, কাজী মো. ওয়াসিম।

শত শত নেতাকর্মীর মুহুর্মুহু করতালি এবং শ্লোগানের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।

হোসাইন মোহাম্মদ সেলিম তাঁর বক্তব্যে আরও বলেন, ৭১’ সালের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের অর্ধশত বছর পেরিয়ে যাওয়ার পর বাংলাদেশ যখন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার স্বপ্ন দেখছে, তখন আবারো শুরু হয়েছে সাম্রাজ্যবাদী পরাশক্তিধর রাষ্ট্রগুলো টানাটানি। তাদেরকে বারবার সুযোগ দেওয়া হয়। আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত, স্বার্থের রাজনীতি, ধাপ্পাবাজির রাজনীতি, আদর্শহীন রাজনীতি, এই রাজনৈতিক হানাহানের সুযোগটাই তারা নিয়েছে।

আওয়ামী লীগ নেতা খোকন সাহা বলেন, বাংলাদেশে কোনো বিদেশি অপশক্তির হস্তক্ষেপ বাংলার জনগণ মেনে নেবে না। যেকোনো মূল্যে তা প্রতিহত করতে হবে।

ইত্তেফাক/এসসি