ইত্তেফাক রিপোর্ট
সম্প্রতি ঢাকা স্কুল অব ইকোনমিকসের (ডিএসসিই) উদ্যোক্তা অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নে বাস্তবায়নাধীন ‘সমৃদ্ধি’ কর্মসূচি পরিদর্শন করেন। ডিএসসিইর উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সমন্বয়ক অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলীর নেতৃত্বে শিক্ষার্থীরা এ কর্মসূচির মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন। সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভসের (এসডিআই) স্বাস্থ্য কার্যক্রমের উঠান বৈঠক, সমৃদ্ধি কেন্দ্র, উদ্যমী সদস্য, বিশেষ সঞ্চয় সদস্য কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া সমৃদ্ধ বাড়ি, কমিউনিটি উন্নয়ন কার্যক্রম, সমৃদ্ধি শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন তাঁরা। এছাড়া শাখা কার্যালয়ে সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সমৃদ্ধি কর্মসূচির আওতায় প্রথমে একটি দরিদ্র পরিবার চিহ্নিত করা হয়। কর্মসংস্থান সৃষ্টিতে ঐ পরিবার কী কাজ করতে চায়, তার মতামতকে অগ্রাধিকার দেওয়া হয়।
এ বিষয়ে অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা প্রয়োজন। চলমান গবেষণার অংশ হিসেবে শিক্ষার্থীরা প্রায় ২০০ জন সুবিধাভোগীর সঙ্গে আলাপ করেছে। প্রাথমিকভাবে এসডিজি ৪ ও ৮ লক্ষ্যমাত্রার বেশকিছু সূচক অর্জনে কার্যকর ভূমিকা রাখছে সমৃদ্ধি কর্মসূচি। কী ধরনের ভূমিকা রাখছে সে বিষয়ে একটি চূড়ান্ত গবেষণা দ্রুতই প্রকাশ করা হবে। কর্মসূচিটি দেশের প্রতিটি ইউনিয়নে একটি মডেল হিসেবে সম্প্রসারিত করা যেতে পারে।
