নাইমের দুর্বলতা কোথায় জানালেন সাকিব

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৪

বাংলাদেশের জার্সি গায়ে জড়ালে যেন নিজেকে হারিয়ে ফেলেন নাইম শেখ। আর তাইতো ব্যাটিংয়ে নেমে নিজের উইকেটটা প্রতিপক্ষের বোলারদের উপহার দিয়ে আসেন। এর সঙ্গে অতিরিক্ত ডট বল এবং ফুটওয়ার্ক নিয়েও আছে বিতর্ক। এশিয়া কাপে চার ম্যাচে সুযোগ পেয়েও ব্যর্থ এই ব্যাটার। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষেও সেই ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছেন নাইম। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাইমের এমন দৃষ্টিকটু আউট নিয়ে প্রশ্ন হতেই অধিনায়ক সাকিব বলে বসলেন, ‘একটা আউট নিয়ে বলে লাভ নেই।’

নাইমের সমস্যার কথা কোথায় জানিয়ে সাকিব বলেন, 'ওপেনিং পরীক্ষা–নিরীক্ষা না। নাইম চারটাই ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচের পর ইনজুরি বেড়েছে, লিটন আসেনি। সবকিছু মিলিয়ে অন্য কিছু চিন্তা করতে হতো। বিশেষ করে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে টিম ম্যানেজমেন্টের মনে হয়েছে মিরাজ বেটার অপশন। এই দুই দলে মিস্ট্রি স্পিনার আছে। ওদের বিপক্ষে মিরাজ সবসময় ভালো খেলেছে। ওপেনিং জুটি ৫০ রানের, ওটাই ৮০–৯০ হলে খেলাটা অন্যরকম হতে পারত। নাইম চার ম্যাচেই ভালো শুরু করেছে। এরপর আউট হয়ে যাচ্ছে। স্কিলের চেয়ে মানসিক জায়গায় কাজ করতে হবে বেশি।’

সাকিব আল হাসান।

আধুনিক ক্রিকেটে ২৫৮ রান আহামরি টার্গেট না। তবে এ লক্ষ্যটাও বাংলাদেশ পৌঁছাতে পারেনি। এজন্য দ্রুত উইকেট পড়ে যাওয়াকে দায়ী করেছেন বাংলাদেশের অধিনায়ক। তিনি আরও বলেন, ‘এরকম ট্রিকি উইকেটে ওপরের চারজন যদি একটা বড় জুটি করতে পারতাম ড্রেসিংরুম অনেক বেশি শান্ত হয়ে যেত এবং আত্মবিশ্বাসও বাড়ত। দ্রুত চার উইকেট পড়ে যাওয়ার পর সবসময়ই আমাদের খেলাটা বদলাতে হয়েছে। ওখান থেকে ফেরা কঠিন ছিল। যদিও একটা বড় জুটি হয়েছে, তবে আরও জুটি দরকার ছিল। ম্যাচ উইনিং ইনিংস খেলতে হতো হৃদয়কে।’

এদিকে বিশ্বকাপের আগে দলের ব্যাটিং বিভাগের এমন অবস্থা দুশ্চিন্তার কিনা প্রশ্ন করা হইলে সাকিব বলেন, 'ব্যাটিং নিয়ে অবশ্যই আমরা চিন্তিত। বেশ কিছুদিন ধরেই আমরা ভালো ব্যাটিং করছি না। সে জায়গাগুলো দেখার এবং চিন্তা করার আছে। বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট খুবই কাজে দিয়েছে। রিয়েলিটি চেকটা দরকার ছিল আমাদের। দ্বিপাক্ষিক সিরিজে আমরা সব সময়ই ভালো খেলি। বলতে পারবেন না এসব সিরিজে আমরা কখনো খারাপ দল ছিলাম। আমাদের বড় পরীক্ষাগুলো হয় এ রকম বড় টুর্নামেন্টগুলোতে, যেখানে আমরা কখনোই আহামরি কিছু করি না।'

ইত্তেফাক/জেডএইচ