ভারতকে হারাতে চান সৌম্য

আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:৪৫

স্পোর্টস রিপোর্টার, বার্মিংহাম (ইংল্যান্ড) থেকে

আগামী রবিবার বার্মিংহামে শক্ত প্রতিপক্ষ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে হলে ওই ম্যাচ জেতা ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি নেই টিম বাংলাদেশের সামনে। গুরুত্বপূর্ণ ওই ম্যাচের আগে গতকাল সৌম্য সরকার বলেন, ভারতকে র্যাংকিং দিয়ে বিবেচনা করতে চান না তিনি। তার সামনে অন্য টিমগুলোর মতো ভারতও এক প্রতিপক্ষের নাম মাত্র।

বাংলাদেশ ও ভারতের মূল পার্থক্য কোথায় জানতে চাইলে সৌম্য কিছুটা রসিকতা করে বলেন, ‘ওরা ভারত আর আমরা বাংলাদেশ। এটাই পার্থক্য। এছাড়া মাঠে যে যেদিন ভালো খেলবে সেই দিনটা তার। বিশ্বকাপ একটা বড় টুর্নামেন্ট। এখানে খেলতে গেলে আপনি যদি কারো নাম ধরে খেলতে যান তাহলেতো প্রথমেই ব্যাকফুটে থাকবেন।’

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার পর এবার ভারতের বোলারদের মুখোমুখি হওয়ার পালা। এ নিয়ে কী ভাবছেন সৌম্য। বলেন, ‘বিশ্বের এক নম্বর পেস বোলার (বুমরা) আছে ভারতের। তাদের স্পিনাররাও বিশ্বমানের। আমাদের বুঝে শুনেই খেলতে হবে। কাকে মারতে হবে আর কাকে সমীহ করে খেলতে হবে সেটা বুঝতে হবে। সবদিন সব বোলারের একরকম যায় না। ভালো বোলারও মার খায়। আবার সাধারণ বোলারও হঠাত্ একদিন ভালো করে বসে।’

সৌম্য আসলে সামনের দুই ম্যাচকে স্রেফ খেলা হিসেবেই দেখছেন। দলের শক্তি তার কাছে বড় বিষয় না। বলেন, ‘ওইটাতো আমরা পরিবর্তন করতে পারব না। আমাদের সামনে দুইটা ম্যাচ আছে সেগুলো যদি জিততে পারি তাহলে আমরা রেসে থাকতে পারব।’

সৌম্য বলেন, ‘ব্যাটসম্যানরা সময় নিয়ে ইনিংস যত বড় করতে পারবে আমাদের রান তত বেশি হবে। আমার পরিকল্পনা থাকে ওইরকমই। উইকেট কঠিন থাকলেও আমি চেষ্টা করি যেন রানের গতি ঠিক থাকে। অন্য কেউ এলে যাতে তাকে উইকেট নিয়ে চাপ নিতে না হয়। সবসময় চেষ্টা করি পজিটিভ মাইন্ড নিয়ে খেলার।’

ইতিমধ্যে বল হাতে ৩ উইকেট নেওয়া সৌম্য বলেন, ‘এখানে আসার আগে প্রিমিয়ার লিগসহ যেখানে সুযোগ পেয়েছি সেখানে বল করেছি। আমার ইচ্ছা ছিল এখানে যেদিনই সুযোগ আসবে সেদিনই যেন কাজে লাগাতে পারি। একটা ম্যাচে সুযোগ পেয়ে ভালো কিছু করতে পেরেছি। এ যেন নিজের কাছেই ভালো লাগছে। পরে আবার যদি কখনো সুযোগ আসে বা টিম যদি আমাকে দিয়ে বল করানোর প্রয়োজন মনে করে তাহলে চেষ্টা করব ভালো কিছু করার।’

নিজের ব্যাটিং নিয়ে আরো কোনো কাজ করার বাকি আছে কি-না জানতে চাইলে সৌম্য বলেন, ‘ব্যাটিং এমন একটা জিনিস যত কাজ করব তত উন্নতি হবে। যখনই সুযোগ পাই স্কিলের সাথে সাথে ফিটনেস বাড়ানোর চেষ্টা করি।’