ঠোঁটের প্রকৃত সীমারেখা লিপস্টিকের রং প্রয়োগের মাধ্যমে একটু বাড়িয়ে বা কমিয়ে ঠোঁটের আকার পরিবর্তন করা যায়। ঠোঁটের আকার পরিবর্তন করতে চাইলে প্রথমেই যে রঙের ফাউন্ডেশন বেছে নেবেন, সে ফাউন্ডেশন আঙুলে নিয়ে ঠোঁটে লাগিয়ে নিন। এভাবে ফাউন্ডেশন লাগিয়ে নিলে ঠোঁটের আউটলাইন বাড়িয়ে বা কমিয়ে লিপস্টিক লাগালে লিপস্টিকের রং কেটে যাবে না।
১০ মিনিট পর লিপব্রাশে লিপস্টিক লাগিয়ে সে ব্রাশ খুব সরু করে প্রয়োজনমতো সীমারেখা বাড়িয়ে বা কমিয়ে মানানসই আউটলাইন এঁকে নিন। খুব সর্তক হয়ে আউটলাইন আঁকবেন, যাতে এ আউটলাইন ঠোঁটের মূল সীমারেখা থেকে খুব বেশি ভেতরে বা বাইরে না যায়।
পাতলা ঠোঁট
যাদের ঠোঁট পাতলা, তারা ঠোঁটের প্রকৃত সীমারেখার ঠিক বাইরে আউটলাইন এঁকে নেবেন লিপ লাইনার বা লিপ-ব্রাশের সাহায্যে। এখন গাঢ় রঙের লিপস্টিক আউটলাইন বরাবর সারা ঠোঁটে লাগালে, ঠোঁট অনেক ভরাট দেখাবে। সবশেষে লিপগ্লস ব্যবহার করে ঠোঁট বাড়তি চকচকে করে নিন।
পাতলা ছোট ঠোঁট
ছোট, পাতলা ঠোঁট ভরাট ও বড় দেখানোর জন্য ঠোঁটের আসল সীমারেখা সামান্য বাড়িয়ে আউটলাইন এঁকে নিন। এবার গাঢ় বা হালকা রঙের লিপস্টিকে ঠোঁট ভরাট করে নিন।
দুই কোণ চাপা ভরাট ঠোঁট
যাদের ঠোঁট এ ধরনের, তারা আউটলাইন আঁকার সময় ঠোঁটের দুই কোণ বাড়িয়ে মানানসই আউটলাইন আঁকবেন। এ ধরনের ঠোঁটে সবসময় হালকা রঙের লিপস্টিক লাগালে ভালো লাগে।
ফোলা ঠোঁট
যাদের ঠোঁট একটু ফোলা ধরনের, তারা ঠোঁট মানানসই করার জন্য ঠোঁটের প্রকৃত সীমারেখা বরাবর ম্যাচিং শেড ব্যবহার করে আউটলাইন আঁকুন। এবার উপরের ঠোঁট ও নিচের ঠোঁট ভরাট করুন যথাক্রমে হালকা ও গাঢ় রঙের লিপস্টিক দিয়ে। ফোলা ঠোঁট হলে লিপগ্লস না লাগানোই ভালো। তবে, ফোলা ঠোঁট যদি মুখশ্রীর সাথে মানানসই হয়, তা হলে শুধু নিচের ঠোঁটে লিপগ্লস লাগাতে পারেন।
ভরাট ঠোঁট
ভরাট ঠোঁটের ক্ষেত্রে প্রকৃত সীমারেখা বরাবর বা সামান্য কমিয়ে আউট লাইন আঁকুন। ঠোঁটের দু’কোনায় আউটলাইন মেলাবেন না। সামান্য ফাঁক রাখবেন। এবার গাঢ় বা মাঝারি রঙের লিপস্টিকে ঠোঁট ভরাট করুন। ভরাট ঠোঁটে কখনো লিপগ্লস ব্যবহার করবেন না।
প্রসারিত ঠোঁট
প্রসারিত ঠোঁটের জন্য আউটলাইন আঁকুন হালকা রঙের লিপস্টিক লিপ-ব্রাশে নিয়ে বা হালকা রঙের লিপলাইনার ব্যবহার করে। দু’কোনায় সামান্য ফাঁক রাখবেন। যে রঙের লিপস্টিক দিয়েই ঠোঁট ভরাট করুন না কেন, তা ঠোঁটের মাঝের অংশে লাগান গভীর করে। আর দুই পাশে লাগান অপেক্ষাকৃত হালকা করে। এই হলো মোটামুটি ঠোঁটের মেকআপ। শেষ করার আগে যে কথাটি না বললেই নয়, তা হলো লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে অখ্যাত কোনো ব্র্যান্ডের পণ্য ব্যবহার করবেন না, আর এটি যেন আপনার ঠোঁটকে উজ্জ্বল, চকচকে ও চেহারার সাথে মানানসই করে তোলে, সেদিকে লক্ষ রাখবেন।

রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াতে যা খাবেন
মেনস্ট্রুয়াল কাপ সম্পর্কে যা জানা প্রয়োজন