সোহেল সারোয়ার চঞ্চল
এএফসি কাপ ফুটবলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আবাহনী যেন এখন ফুটবলের নতুন বাঁকে মোড় নিয়েছে। নতুন করে সবকিছু সাজাতে এরই মধ্যে পরিকল্পনা করছে আবাহনী। এএফসি কাপ ফুটবলের নকআউটে আবাহনী একটি করে ম্যাচ পাবে। একটি করে বাধা পেরিয়ে যেতে পারলে আবাহনী উপরের সিঁড়িতে উঠবে। বহু প্রতীক্ষার পর সিঁড়ির নাগাল পেয়েছে আবাহনী। নকআউট পর্বে প্রথম প্রতিপক্ষ কে হবে তা আগামী সপ্তাহে জানা যাবে। প্রতিপক্ষ যে দলই হোক তাদেরকে ছাপিয়ে যাওয়ার পরিকল্পনা আবাহনী। তবে আবাহনীর জন্য সবচেয়ে সুখবর হচ্ছে ভারতে খেলতে যেতে হবে না। তারা ভারতের দুই ক্লাব চেন্নাইন এফসি এবং মিনারভা পাঞ্জাবকে গ্রুপ পর্ব হতে বিদায় করে দিয়েছে। অন্তত আর যাই হোক ভারতের কোনো দলকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার সুযোগ নেই। আবাহনীর টেন্টে এমন প্রসঙ্গ উঠছে কারণ সানডে চিজোবার জন্য। ভারতে খেলা হলে সানডে চিজোবার যাওয়া নিয়ে নানা উত্কণ্ঠা দেখা দেয়। প্রতিবারই একটা না একটা বাধা আসে। এবার শেষ ম্যাচে মিনারভা পাঞ্জাবের বিপক্ষে খেলতে যেতে পারেননি সানডে চিজোবা। দলের প্লেমেকার সানডে। যাকে নিয়ে আবাহনীর আক্রমণভাগ বারুদ ছড়ায়। সেই সানডে এবার যেতে পারেনি। আবাহনীতে স্বস্তির নিঃশ্বাস নকআউট পর্বে যার সঙ্গেই খেলা পড়ুক সানডেকে নিয়ে দুর্ভাবনা নেই আবাহনীর। সানডে আবাহনীর সঙ্গী হয়ে ভারতে যেতে না পারলেও ঢাকায় অনুশীলনেই ছিলেন তিনি। খেলার খবর রেখেছিলেন। জয় নিয়ে আবাহনী ঢাকায় ফিরছে তাতে খুশি। নকআউট পর্বে মাঠে নামার জন্য মানসিক প্রস্তুতিও নিচ্ছেন।
গতকাল রাতে ঢাকায় নামার কথা ছিল আবাহনীর। প্রিমিয়ার লিগের খেলা শুরু হয়ে গেলেও আবাহনীর খেলা আগামী সোমবার, নোয়াখালীতে বিজেএমসির বিপক্ষে। আবাহনী এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলের একাধিক আসরে খেলেছে। কোনো বারই প্রথম রাউন্ডের গণ্ডি পার হতে পারেনি। এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলের বদলে নতুন ফরমেটের এএফসি কাপ ফুটবলের দুই আসর হতেও বিদায় নিতে হয়েছিল। এবার তৃতীয় আসরে আবাহনী সফল হয়েছে। ভারত হতে সাফল্য নিয়ে এসেছে। ভারতের চার্মস কাপ ফুটবল, নাগজী ট্রফি বরদুলই কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে আবাহনীর ঘরে। অনেকদিন পর ভারত হতে আরেকটি সাফল্য নিয়ে এলো আবাহনী। এখন আবাহনীর সামনে দুটি চিন্তা। প্রথমটি হচ্ছে এএফসির নকআউট পর্বের প্রতিপক্ষ নিয়ে। দ্বিতীয়টি হচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগ। নিজেদের সব ম্যাচ জিতে এগিয়ে যাওয়া। কারণ লিগে অনেকটা পিছিয়ে আছে আবাহনী। একনম্বরে থাকা বসুন্ধরা পয়েন্ট হারালে আবাহনীর পথ খুলবে।
