এশিয়া কাপের সুপার ফোরের ভেন্যু শ্রীলঙ্কার কলম্বোতে বৃষ্টির পূর্বাভাস ছিল আগে থেকেই। আর সেই কারণেই ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রাখা হয়েছিল রিজার্ভ ডে। যা নিয়ে হয়েছে অনেক সমালোচনা।
গতকাল ভারত-পাকিস্তান ম্যাচে ২৪.১ ওভারে ভারত ২ উইকেটে ১৪৭ রান করার পর নামে বৃষ্টি। আর তাই খেলা আর মাঠে গড়ায়নি। মাঠ কর্মীরা মাঠ শুকানোর অনেক চেষ্টা করেছে। যেন খেলা কালই শেষ হয়। কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতে।
আজ সোমবার ( ১১ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রিজার্ভ ডেতে খেলা শুরু হওয়ার কথা। তবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ওয়েবসাইট অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, কলম্বোতে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আরও বেশি। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮৯ শতাংশ। আর ওয়েদারডটকমের পূর্বাভাস বলছে, স্থানীয় সময় বেলা ৩টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশের নিচে নামবে না।
বিকেল সাড়ে ৫টায় সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি আর না থামলে বা প্রবল বর্ষণ হওয়ার পর মাঠ খেলার উপযোগী করে তুলতে সম্ভব না হইলে। রিজার্ভ ডে থাকার পরও ভেসে যেতে পারে ভারত–পাকিস্তান ম্যাচ। তাহলে দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হবে।
