চট্টগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রিজিয়ন কমান্ডার ও ফ্রন্টিয়ার আইজি পর্যায়ে চার দিনব্যাপী সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিএসএফের প্রতিনিধিদল বাংলাদেশে এসে পৌঁছেছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিএসএফের সাত সদস্যের প্রতিনিধিদল ভারতের দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া চেকপোস্ট হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এর আগে প্রতিনিধিদলটি সীমান্তের শূন্যরেখায় পৌঁছালে বিলোনিয়া স্থলবন্দর এলাকায় ফেনী বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিলোনীয়া স্থলবন্দরের আইসিপি বিজিবি ক্যাম্পে বিএসএফ প্রতিনিধিদলের প্রধানকে গার্ড অব অর্নার দেওয়া হয়। সাত সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন মেঘালয় ফ্রন্টিয়ারের আইজি শ্রী প্রদীপ কুমার। বিএসএফের প্রতিনিধিদলটি সড়ক পথে বেলা সোয়া ১ টায় চট্টগ্রামে পৌঁছার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার বিকাল ৪টায় চট্টগ্রামের হালিশহরস্থ বিজিবির সাউথ-ইষ্ট রিজিয়ন সদর দপ্তরে সীমান্ত সম্মেলন শুরু হবে। সম্মেলনে বিজিবির পক্ষে নেতৃত্ব দেবেন চট্টগ্রাম সাউথ-ইষ্ট রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজেদুর রহমান। এতে বিজিবির সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল ইসলাম ছাড়াও খাগড়াছড়ি, কুমিল্লা ও সিলেটের সেক্টর কমান্ডারসহ বিজিবি পদস্থ কর্মকর্তাগণ অংশ নেবেন। অপরদিকে, বিএসএফের মেঘালয় ফ্রন্টিয়ারের আইজি ছাড়াও মিজোরাম ও ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজিসহ বিএসএফের পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, চারদিনের এ সীমান্ত সম্মেলনে সংশ্লিষ্ট রিজিয়ন ও ফ্রন্টিয়ারের আওতাধীন সীমান্ত এলাকার বিভিন্ন দ্বিপাক্ষিক সমস্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্রসহ চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। এছাড়া বিশেষকরে বিজিবি-বিএসএফের মধ্যে সম্প্রীতি ও সম্পর্ক উন্নয়ন এবং পারস্পারিক সাহায্য-সহযোগিতায় সীমান্ত অপরাধ দমন, সীমান্ত আইন অনুসরণ করে আলাপ-আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক যেকোনো সমস্যা সমাধানের ব্যাপারে গুরুত্বারোপ করা হবে।
সম্মেলন শেষে ১৪ সেপ্টেম্বর বিএসএফ প্রতিনিধিদল বিলোনীয়া সীমান্ত দিয়ে ভারতে ফিরে যাবেন।

উত্তরের অধিকাংশ লেভেল ক্রসিং অরক্ষিত
টাঙ্গাইলে ইঁদুর মারার বিষ খেয়ে ভাই-বোনের মৃত্যু