বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যের জন্যই স্বাধীনতা অর্জন সহজ হয়েছে : তোফায়েল

আপডেট : ২৭ জুন ২০১৯, ২২:২৩

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলেই স্বাধীনতা পাওয়া সহজ হয়েছিল। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের সরকারে আছেন বলেই বাংলাদেশ উন্নয়নের শীর্ষে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও বাংলাদেশ অভিন্ন সত্তা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্প্রীতি বাংলাদেশ এ আলোচনা সভার আয়োজন করে।

তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু হাজার বছরের বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিকে ধারণ করে একটি মানবিক সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করছেন তারই যোগ্যকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধু জীবনের মায়া ত্যাগ করে, মৃত্যুকে উপেক্ষা করে বার বার প্রমাণ করেছেন তিনি দেশ জাতি ও সমাজের জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও নির্ভীকভাবে কাজ করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের মেহনতি মানুুষকে ঐক্যবদ্ধ করতে পারায় খুব সহজে বাংলাদেশ স্বাধীন হয়।  আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। আরো বক্তব্য রাখেন—প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নিরাপত্তা বিশ্লেষক ও কলামিস্ট মেজর জেনারেল (অব) মোহাম্মদ আলী সিকদার, সাবেক সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, লেখক-কলামিস্ট প্রফেসর ড. মিল্টন বিশ্বাস প্রমুখ।