ক্র্যাবের মানববন্ধনে আলটিমেটাম
ইত্তেফাক রিপোর্ট
সংবাদ প্রচার ও প্রকাশের জেরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক ও বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি দীপু সারোয়ার এবং সংগঠনের প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক ও এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন সুমনকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হওয়ার নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই চিঠি প্রত্যাহার না করলে সব সাংবাদিক সংগঠনকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ ঘোষণা দেন আবুল খায়ের। একই সঙ্গে তিনি অভদ্রচিত নোটিসদাতা কর্মকর্তার দুদক থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান।
ক্র্যাব সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে ক্র্যাব সদস্য বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার দিপন দেওয়ানের সঞ্চালনায় প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ইলিয়াস হোসেন, ডিআরইউর সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, রাজু আহমেদ, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, বিএফইউজের কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মামুনুর রশিদ, সিনিয়র সাংবাদিক আবদুল গাফ্ফার মাহমুদ, জাকারিয়া কাজল, শরিফুল ইসলাম বিলু। এ সময় ক্র্যাবের সহ-সভাপতি মিজান মালিক, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলম, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ ক্র্যাব নেতৃবৃন্দ ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
