সবুজবাগে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

আপডেট : ২৭ জুন ২০১৯, ২২:২৫

ইত্তেফাক রিপোর্ট

সবুজবাগের পূর্ব রাজারবাগ শাপলা কানন মোড়ে ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে। মামুন হস্তশিল্পের বিভিন্ন পণ্য বিক্রি করতেন। পুলিশ জানায়, মামুন পূর্ব রাজারবাগের একটি বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন। বুধবার রাত ১টার দিকে তিনি বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর বাসার অদূরে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। সবুজবাগ থানা জানায়, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। মামুনদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবে।