ভোটে না দাঁড়ানোর কারণ জানালেন ড. কামাল

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ০০:৩৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের অংশ না নেওয়ার বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘এখানে কোনো রকমের রহস্যের ব্যাপার নেই। আমার বয়স ৮০ বছর। আমার সমবয়সী যারা বঙ্গবন্ধুর কেবিনেটে ছিলেন, তাদের মধ্যে শেষ ব্যক্তি আমিই বেঁচে আছি। এতগুলো যোগ্য ব্যক্তি রাজনীতি করে বেরিয়ে এসেছেন। নেতৃত্বের কোনো ঘাটতি হবে না। কিন্তু আমি কাজ থেকে সরে যাচ্ছি না। নির্বাচন না করাটা আমার আজকের সিদ্ধান্ত না। ২০০৮ সালেও আমি নির্বাচনে অংশ নিইনি।’ গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নির্বাচন না হওয়ার জন্য নানারকম ষড়যন্ত্র চলছে, আওয়ামী লীগের নেতাদের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ড. কামাল বলেন, ‘ষড়যন্ত্র’ শব্দটি বিরক্তের। জাতীয় ঐক্যফ্রন্ট গেলে শাসন ব্যবস্থায় পরিবর্তনসহ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনবে কি-না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন করে কিছু করতে হবে না। সংবিধানকে অক্ষরে অক্ষরে পালন করা হবে। তিক্ত অভিজ্ঞতা থেকেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা করা হয়েছিল। এটা কোনো বিতর্কিত বিষয় না, সংবিধানের ব্যাখ্যার বিষয়। আমি আশা করি, জনগণের সমর্থন আছে, প্রয়োজন হলে সংবিধান সংশোধনও করা হবে। ৩০ ডিসেম্বর নির্বাচনের আগ পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্ট সতর্ক ও সংঘবদ্ধ থাকবে এবং সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানান ড. কামাল।