ভারতের পদ্মশ্রী ও একুশে পদকপ্রাপ্ত গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব ও সমাজসেবী ঝর্ণা ধারা চৌধুরী (৮০) আর নেই। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার জানিয়েছেন, ঝর্ণা ধারা চৌধুরী দীর্ঘদিন ধরে উচ্চরক্তচাপ, ডায়বেটিকসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। পরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালের ভর্তি করা হয়। ঝর্ণা ধারা ১৯৩৮ সালে ১৫ অক্টোবর বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে জন্মগ্রহণ করেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি ২০১৩ সালে ভারতের বেসামরিক সম্মাননা পদক পদ্মশ্রী খেতাবে ভূষিত হন। সমাজসেবক হিসেবে তিনি ১৯৯৮ সালে আন্তর্জাতিক বাজাজ, ২০০০ সালে শান্তি পুরস্কার, ২০০১ সালে অনন্যা, ২০০৩ সালে দুর্বার নেটওয়ার্ক, ২০১০ সালে কীর্তিমতি নারী, ২০১৩ সালে রোকেয়া পদক ও সাদা মনের মানুষ, ২০১৫ সালে একুশে পদক এবং এর আগে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ১০টায় সর্বশ্রেণির মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ আনা হবে। পরে বিকেল তিনটায় তাঁর কর্মস্থল নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগ গান্ধী আশ্রমে নেওয়া হবে। এখানে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানানো শেষে তাঁর মরদেহ সন্ধানী ডোনার ক্লাবে হস্তান্তর করা হবে।
