সড়কে ঝরল আরো ১২ প্রাণ

আপডেট : ২৭ জুন ২০১৯, ২২:৪৭

গত দুদিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে লালমনিরহাটের আদিতমারীতে ট্রাক ও ব্যাটারিচালিত অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রসহ ৩ জন, কুমিল্লায় বাস খাদে পড়ে মেডিক্যাল কলেজের ছাত্রীসহ ২ জন, টঙ্গীতে ট্রাকের পেছনে লেগুনার ধাক্কায় ২ জন, দিনাজপুরের ফুলবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষকসহ দুজন, পীরগঞ্জে মোটরসাইকেল খাদে পড়ে একজন, কালকিনিতে ঠেলাগাড়ির নিচে চাপা পড়ে একজন এবং হাজীগঞ্জে ট্রলি উলটে একজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। খবর আমাদের সংবাদদাতাদের।  

আদিতমারী (লালমনিরহাট) : বাবা নান্দুর স্বপ্ন ছিল ছেলে পূর্ণকে পুলিশের চাকরি করাবেন। কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ছেলে পূর্ণ সকাল সকাল বাড়ি থেকে বেরও হয়েছিলেন। সঙ্গে বাবা নান্দুও ছিলেন। কিন্তু বাবা নান্দুর সে স্বপ্ন আর পূরণ হলো না। গত বুধবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পলাশী নামক স্থানে ট্রাক ও ব্যাটারিচালিত অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে নান্দু চন্দ্র (৫৫) নিহত হন। এ সময় অটোচালক রবিউলও (৩৬) মারা যান। এ ঘটনায় নান্দুর ছেলে পূর্ণ চন্দ্রসহ আরো ৫ জনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিত্সাধীন অবস্থায় পূর্ণ চন্দ্রও (২০) মারা যান। নিহতরা সবাই লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াপদা বাজার এলাকার বাসিন্দা।

কুমিল্লা : কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীসহ ২ নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই বাসের অন্তত ১০ যাত্রী। বৃহস্পতিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় ঐ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লার মুরাদপুর এলাকার আনিকা আক্তার তাহসিন (২২) ও বুড়িচং উপজেলার মিথিলাপুর গ্রামের রৌশন আরা (৫০)। ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, নিহত আনিকা কুমিল্লা ‘সেন্ট্রাল মেডিক্যাল কলেজ’-এর  ছাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

টঙ্গী (গাজীপুর) : টঙ্গীতে ট্রাক-লেগুনা সংঘর্ষে বাদল মিয়া (৩০) ও সুভাস চন্দ্র দাস (৪৫) নামে দুজন নিহত এবং আরো কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। হতাহতরা সকলেই লেগুনার যাত্রী। আহতদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, গতকাল সকালে কালীগঞ্জগামী লেগুনার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে টঙ্গীর শিলমুন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং লেগুনায় থাকা ১১ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ২ জন মারা যান। আহতদের মধ্যে গুরুতর ৩ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষকসহ দুজন নিহত এবং অপর এক স্কুলশিক্ষিকা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার পৌর এলাকার চাঁদপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন দাদুল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়াশিক্ষক জালাল উদ্দিন মোল্লা (৫৫) ও পৌর শহরের দক্ষিণ কৃষ্টপুর গ্রামের মেহেদী হাসান (২৫)। গুরুতর আহত হয়েছেন নিহত জালাল উদ্দিনের স্ত্রী স্কুলশিক্ষিকা ফেরদৌসী আরা বেগম (৫০)। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো স্কুল শেষে জালাল উদ্দিন মোল্লা তার স্ত্রীকে নিয়ে আটপুকুর থেকে মোটরসাইকেলে ফুলবাড়ী পৌর শহরের সুজাপুরস্থ নিজ বাড়িতে আসার সময় মেহেদী হাসানের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঐ হতাহতের ঘটনা ঘটে।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : পীরগঞ্জে মোটরসাইকেলে রোগী হাসপাতালে নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে গেলে মো. জীবন (২২) নামে এক আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার পীরগঞ্জ-কাতিহার পাকাসড়কের বিশমাইল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, রাজোর গ্রামের ধনেশ্বর বর্মনের কিশোরী মেয়ে বিষপান করলে তাকে মোটরসাইকেলে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে যাচ্ছিল জীবন ও রবিন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে গেলে ঘটনাস্থলে জীবন মারা যান। আহত রবিনকে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বিষপান করা ঐ কিশোরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কালকিনি (মাদারীপুর) : বিদ্যুতের খুঁটি নিয়ে বৃহস্পতিবার সকালে কালকিনি বড়ব্রিজ পার হতে গিয়ে দিলু মুন্সি (৪৮) ঠেলাগাড়ি থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

হাজীগঞ্জ (চাঁদপুর) : বুধবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জে ট্রলি চাপা পড়ে চালক মো. সুফি আলম (২৭) নামের একজন নিহত হয়েছেন।