রিফাতের খুনিদের গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট : ২৭ জুন ২০১৯, ২২:৫৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরগুনায় প্রকাশ্য সড়কে দিনেদুপুরে স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের যেকোনো মূল্যে গ্রেফতার করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান উন্নয়ন কার্যক্রম ও সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, বরগুনার ঘটনা খুবই দুঃখজনক। এই ঘটনায় অলরেডি একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করার প্রক্রিয়া চলছে। পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে আছে।   ওবায়দুল কাদের বলেন, আমি যতটা পুলিশ সোর্সে জানতে পেরেছি এবং আমাদের মিডিয়ায়ও খবর এসেছে—বিষয়টি অনেকটা ব্যক্তিগত সম্পর্কের, প্রেমঘটিত একটা বিষয়। সেখান থেকে ব্যক্তিগত বিদ্বেষের প্রকাশ ঘটেছে খুব নগ্নভাবে।’ এমন ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কিনা একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সামগ্রিকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে—এটা কি বলা যায়? রাজনৈতিক কারণে আইন-শৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি। এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা বিশ্বের যেকোনো দেশেই ঘটে। এমন কোনো দেশ পাবেন না যেখানে সামাজিক অস্থিরতা নেই।

এমন ব্যর্থ দল জীবনেও দেখিনি

‘সরকার হস্তক্ষেপ না করলে খালেদা জিয়ার মুক্তি হবে সাত দিনে’ মর্মে বিএনপির স্থায়ী কমিটির ব্যারিস্টার মওদুদ আহমদের বক্তব্যের বিষয়ে ওবায়দুর কাদের বলেন, বার বার এক বক্তব্যের পুনরাবৃত্তি করতে ভালো লাগে না। খালেদা জিয়ার বিচার ও জামিনে সরকার কখনও বাধা দেয়নি। সক্ষমতা থাকলে তারা খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করুক, কে বাধা দিয়েছে? তাদের ৫০০ জনের মিছিলও তো হয় না। তারা নির্বাচন ও আন্দোলন সব ক্ষেত্রেই ব্যর্থ। এমন ব্যর্থ বিরোধী দল আমি জীবনেও দেখিনি। পদ্মা সেতুর অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘পদ্মা সেতুর অগ্রগতি ৭০ শতাংশ হয়েছে। এ নিয়ে আমি সন্তুষ্ট।’ তিনি আরো বলেন, সেতুর ১৪তম স্প্যান বসানোর কাজ চলছে। আবহাওয়া অনুকূলে আসলেই তা বসানো হবে। এখন কোনো বাধা নেই, একসময় মাটির স্তর নিয়ে অনিশ্চয়তায় ছিলাম, এখন তা কেটে গেছে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সড়ক পরিবহন আইন বাস্তবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন। আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে যুক্ত করে কমিটি গঠন করা হয়েছে। তারা সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকও করেছে। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে হলে অর্থমন্ত্রীর সহযোগিতার প্রয়োজন রয়েছে। এ সময় রাজধানীর যানজট নিরসনের বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘যানজট নেই, এমন কোনো দেশ আমি দেখিনি। সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, ?যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কোন দেশে যানজট নেই। আমরা যানজট নিরসনে কাজ করছি।’