স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বরগুনায় দিন-দুপুরে স্ত্রীর সামনে রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। বরগুনায় যে ঘটনা ঘটেছে, সেটি কেন ঘটেছে তদন্ত করে প্রকাশ করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকালে মহানগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তিনি আরো বলেন, এ ধরনের নৃশংস ঘটনা দুঃখজনক। পুলিশ তত্পর রয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। যতগুলো ঘটনাই ঘটুক বাংলাদেশে, পুলিশের দক্ষতা-সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে।
রোহিঙ্গা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নাফ নদীর তীরে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসার অপেক্ষায় ছিল, সেই করুণ দৃশ্যটি নিশ্চয়ই সবার মনে আছে। এখন আমরা এ রোহিঙ্গা নিয়ে চ্যালেঞ্জের মুখে আছি। তারা দেশের নানা জায়গায় চলে যাচ্ছে। তবে তারা চলে গেলেও নিরাপত্তা বাহিনী আবার তাদের ক্যাম্পে ফিরিয়ে নিয়ে আসছে। তাদের জন্য একটা কাঁটা তারের বেড়া করার কথা ছিল, সে কাজটি সম্পন্ন করা যায়নি। এখন প্রধানমন্ত্রীর নির্দেশে কাঁটা তারের বেড়া নির্মাণ করার চেষ্টা করা হচ্ছে, যাতে তারা ক্যাম্প থেকে বের হতে না পারে।’
